শত বছরের ঐতিহ্যবাহী পুরানবাজার বড় মসজিদ এলাকায় মার্কেট, ব্যবসাপ্রতিষ্ঠানসহ মসজিদের মাদ্রাসা এবং দক্ষিণে সামসুন্নাহার বালিকা উচ্চবিদ্যালয়, উত্তরে রাজ্জাক হাওলাদার একাডেমি স্কুল। কোমলমতি শিশুরা এই রাস্তা দিয়ে স্কুলে যাতায়াত করে। বাংলা মদের ভাটিখানাটি বাজারের মধ্যখানে অবস্থিত দীর্ঘদিন ধরে।
বাজারে ক্রয়-বিক্রয় করতে আসা ক্রেতা-বিক্রেতা, ভদ্রমহিলারা বাজারে কেনাকাটা করেন। মসজিদে এমনকি ছাত্রছাত্রীরা প্রতিবন্ধকতার মধ্যে যুগ যুগ ধরে চরম অশান্তি ও অস্বস্তির মধ্যে স্কুলে যাতায়াত করে। জেলা সমবায় সমিতি মার্কেটের মধ্যে মদের ভাটিখানার চারদিকে শত শত বসতবাড়ি রয়েছে। সকাল হতে শুরু হয়ে রাত পর্যন্ত বাংলা মদ বিক্রি হয়। এই সর্বনাশা নেশা করতে আসা মানুষেরা এখানে আড্ডা দেয়। মদ পান করার পর নেশাগ্রস্ত হয়ে মাতলামিও করে তারা। ফলে এলাকাবাসীকে নানা রকম সমস্যার মুখোমুখি হতে হচ্ছে।
অতএব, জেলা প্রশাসকের কাছে জোর দাবি, বাংলা মদের ভাটিখানাটি স্থানাস্তর করে আমাদের এই অনাকাঙ্ক্ষিত উৎপাত থেকে রেহাই দিন।
মো. ওমর আলী শিকদার
পুরানবাজার, মাদারীপুর।