সরকারি পলিটেকনিক্যাল কলেজ থেকে আমরা চার বছর মেয়াদি ইলেক্ট্রো মেডিকেল (ইকুইপমেন্ট) ডিগ্রি নিয়ে (মেডিকেলের যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ ও মেরামতের ওপর) শত শত শিক্ষিত যুবক-যুবতী বেকার হয়ে আছি। বর্তমানে এর কোনো কর্মক্ষেত্র সৃষ্টি না হওয়ায় আমরা বেকার জীবন যাপন করছি, পরিবারের বোঝা হয়ে দাঁড়িয়েছি এবং শিক্ষার্থীরা এই ট্রেডে পড়ার উৎসাহ হারিয়ে ফেলেছে।
সাধারণত গরিব মেধাবী শিক্ষার্থীরা গরিব মা-বাবার সংসারের হাল ধরার জন্য চাকরির আশায় অনেক কষ্টে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং লাইনে লেখাপড়া করে। যাদের উচ্চশিক্ষা লাইনে পড়ালেখার সামর্থ্য নেই।
মানুষের মৌলিক চাহিদাগুলোর মধ্যে চিকিৎসাসেবা অন্যতম। দেশের প্রতিটি উপজেলা, জেলা ও বিভাগীয় শহরে রয়েছে অনেক সরকারি স্বাস্থ্য কমপ্লেক্স, হাসপাতাল, মেডিকেল কলেজ ও বিভিন্ন স্বাস্থ্য সেবাকেন্দ্র। এসব কলেজ, হাসপাতাল, স্বাস্থ্যসেবাকেন্দ্রে সুচিকিৎসা ও রোগনির্ণয়ের জন্য ব্যবহৃত হচ্ছে অত্যাধুনিক মূল্যবান ইলেকট্রনিকস যন্ত্রপাতি। অধিকাংশ যন্ত্রপাতিই সরকারের বহু অর্থ ব্যয়ে কেনা।
কিন্তু দুঃখের বিষয়, বিভিন্ন মেডিকেল কলেজ ও হাসপাতালে এসব মূল্যবান যন্ত্রপাতির সামান্য ত্রুটি-বিচ্যুতি দেখা দিলে সারানোর বা মেরামত ও রক্ষণাবেক্ষণ করার দক্ষ প্রকৌশলী না থাকায় যন্ত্রপাতিগুলো অকেজো হয়ে পড়ে থাকছে, ফলে চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। রোগীরা প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে যেতে বাধ্য হচ্ছে, ফলে বিভিন্ন প্রতারণার শিকার হচ্ছে।
এ ব্যাপারে স্বাস্থ্যমন্ত্রীর সদয় দৃষ্টি আকর্ষণ করছি।
রিপন মণ্ডল, বরিশাল।