দৃষ্টি আকর্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমি ২০১৫ সালের একজন এসএসসি পরীক্ষার্থী। নতুন নিয়ম অনুযায়ী এ পরীক্ষায় গণিত, উচ্চতর গণিতসহ ১০টি বিষয়ে সৃজনশীল প্রশ্নপদ্ধতিতে পরীক্ষা নেওয়া হবে। বর্তমান নীতিমালা অনুযায়ী সৃজনশীল বা লিখিত অংশ আগে এবং এমসিকিউ বা নৈর্ব্যক্তিক অংশের পরীক্ষা পরে নেওয়া হবে।
বাংলা প্রথম পত্র, ইসলাম ও নৈতিক শিক্ষা, বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং গণিত—এই চারটি বিষয়ে সৃজনশীল অংশে ২ ঘণ্টা ১০ মিনিটে ছয়টি সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে হয়। এ ক্ষেত্রে প্রথম তিনটি বিষয়ের প্রতিটি সৃজনশীল প্রশ্নে চারটি ধাপ এবং গণিত বিষয়ে তিনটি ধাপ সম্পন্ন করতে হয়।
কিন্তু অধিকাংশ ছাত্রছাত্রীর পক্ষেই তা সম্ভব হয়ে ওঠে না। আবার ৪০টি এমসিকিউ প্রশ্নের জন্য ৪০ মিনিট সময় বরাদ্দ রয়েছে। অথচ এ অংশের প্রশ্নের পরীক্ষা ১৫-২০ মিনিটেই দেওয়া সম্ভব। অর্থাৎ একজন পরীক্ষার্থী ২০-২৫ মিনিট আগে পরীক্ষা শেষ করলেও তার উল্লেখযোগ্য অংশের নম্বর ছাড়া পড়ে যায়। আর এটা ঘটে সৃজনশীল অংশে সময়ের অভাবে। এই অনিশ্চয়তা দূরীকরণে নিম্নোক্ত প্রস্তাব দুটি পেশ করছি:
১. সদ্য সমাপ্ত জেএসসি পরীক্ষার অনুরূপ নৈর্ব্যক্তিক ও সৃজনশীল প্রশ্ন একসঙ্গে সংযুক্ত করে দেওয়া হোক। এতে একজন শিক্ষার্থী সম্পূর্ণ তিন ঘণ্টা সময় স্বাধীনভাবে পরীক্ষা দিতে পারবে। অথবা,
২. সৃজনশীল ও এমসিকিউ প্রশ্ন দুটি শুরুতেই দিয়ে দেওয়া হোক। এতে পরীক্ষার্থী ১০-১৫ মিনিট বা যার যে রকম সময় প্রয়োজন, সে হিসেবে সম্পন্ন করে রেখে দেবে এবং সৃজনশীল অংশ লেখা শুরু করবে। নির্ধারিত ৪০ মিনিট পর পরীক্ষক এমসিকিউ উত্তরপত্র তুলে নেবেন।
বিষয়টা ভেবে দেখবেন কি?
সাদিকুর রহমান, সপুরা, রাজশাহী।