কুড়িগ্রাম জেলার অষ্টমীর চর ইউনিয়ন নদীবেষ্টিত চর এলাকা। এই চর অঞ্চলের প্রাথমিক বিদ্যালয়ে যাঁরা শিক্ষকতা করেন, তাঁরা প্রায় সবাই শহর এলাকা থেকে আসেন। আমার দেখা মতে, শহর থেকে তাঁরা নদীপথে স্কুলে পৌঁছান বেলা ১১টা কিংবা ১২টায়। মাত্র দুই ঘণ্টা কিংবা তিন ঘণ্টা স্কুলে অবস্থান করে স্কুল ছুটি দিয়ে বাড়ির উদ্দেশে রওনা দেন।
স্রোতের প্রতিকূলে বাড়ি ফিরতে প্রায় দুই ঘণ্টা সময় লাগে। এ কারণে তাঁরা তাঁদের স্কুল আগেই ছুটি দিয়ে বাসার উদ্দেশে রওনা দেন। এতে শিক্ষার অবস্থা কেমন হতে পারে, তা আমরা সবাই অনুমান করতে পারছি। আমাদের চরের শিক্ষাব্যবস্থা এতই নাজুক যে এলাকায় শিক্ষিত লোক পাওয়া খুবই কঠিন। দু-একজন শিক্ষিত হলেও চাকরির খোঁজে তাঁরা শহরে চলে যান।
তাই আবেদন, এলাকার যাঁরা শিক্ষিত বেকার আছেন, তাঁদের প্রাথমিকসহ অন্যান্য চর এলাকায় যেসব সরকারি চাকরি আছে, সেখানে নিয়োগ দেওয়া হোক, তাহলে চর এলাকার শিক্ষার মান অনেকাংশে বৃদ্ধি পাবে। এতে শিশুরা স্কুলগামী হবে এবং শিক্ষিত হওয়ার আগ্রহ পাবে।
মো. ফেরদৌস হোসেন, অষ্টমীর চর, কুড়িগ্রাম।