দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার পর হঠাৎ দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ রহিত করে। ফলে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীদের অভিভাবকেরা এ নিয়ে রিট করলেও রায় শেষ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের পক্ষেই যায়।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের যুক্তি উত্থাপন করছে যে, দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা চালু রাখার কারণে ২০১৩-১৪ শিক্ষাবর্ষে ৪২১টি, ২০১২-১৩ শিক্ষাবর্ষে ৪১৬টি ও ২০১১-১২ শিক্ষাবর্ষে ৪২৯টি আসন ফাঁকা রয়েছে।
তাদের আরও যুক্তি হলো, দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীরা বিভিন্ন কোচিং সেন্টারের যোগসাজশে অসদুপায় অবলম্বন করেন। আর এর পরিপ্রেক্ষিতেই গত কয়েক বছরে ডিজিটাল জালিয়াতি করতে গিয়ে অনেকে আটক হয়েছেন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে দাবি হলো, আপনারা গত তিন সেশনে আসন ফাঁকা থাকা সত্ত্বেও দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়ার নিয়ম চালু রেখেছেন, তাহলে আর একবার কেন পারবেন না?
এ বছর মাত্র দুজন ইংরেজি নেওয়ার শর্ত পূরণ করলেন। অথচ আসন পূর্ণ করার জন্য শর্ত শিথিল করা হলো। যেহেতু দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়া যাবে না, সেহেতু এই সিদ্ধান্ত এক বা দুই বছর আগে জানানো হলে সমস্যা হতো না। হঠাৎ করে এই সিদ্ধান্ত জানানোর কারণে বহু ছাত্রের স্বপ্ন ধূলিসাৎ হয়ে যাবে। তা ছাড়া, অনেক ছাত্রই আর্থিক দুরবস্থার কারণে প্রথমবার ভর্তি পরীক্ষা দিতে পারেন না। অনেকের আবার নানা রকম পারিবারিক ও সামাজিক সমস্যাও থাকে। সে কারণে দেখা যায়, মেধা থাকলেও তাঁরা প্রথমবার প্রস্তুতি নিয়ে ভর্তি পরীক্ষা দিতে পারেন না। দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ থাকলে তঁারা নিজেদের স্বপ্ন পূরণ করতে পারেন।
সে কারণে শুধু এবারের জন্য সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করার আহ্বান জানাচ্ছি।
মো. রমিজুল ইসলাম
শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়।