দ্রব্যমূল্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাজারে প্রতিনিয়ত বেড়েই চলেছে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম। অসাধু ব্যবসায়ীরা বিভিন্ন অজুহাতে দ্রব্যমূল্য বাড়িয়ে বিরাট অঙ্কের মুনাফা করছে। দ্রব্যমূল্য বৃদ্ধিতে সাধারণ ক্রেতাদের নাভিশ্বাস ওঠার উপক্রম হয়েছে। অথচ সরকার এখন পর্যন্ত দ্রব্যমূল্য বৃদ্ধি রোধে কার্যকর পদক্ষেপ নেয়নি। ব্যবসায়ীরা সিন্ডিকেট করে যেন দাম বাড়িয়ে অতিরিক্ত মুনাফা করেই যাবেন।
ব্যবসায়ীদের কাছে জিনিসপত্রের মূল্যবৃদ্ধির কারণ জিজ্ঞেস করলে তাঁদের সবার যেন একটাই উত্তর—বাজারে সরবরাহ কম, সে জন্য জিনিসপত্রের দাম বেশি। অথচ বাজারে যখন পণ্যের সরবরাহ বেশি থাকে, তখনো কিন্তু তাঁরা সাধারণ ক্রেতাদের কাছ থেকে বাড়তি দামই নিয়ে থাকেন। এ বছর অতিবৃষ্টি ও বন্যার কারণে সবজির দাম বেড়েছে, সেটা ঠিক। কিন্তু বাজারের কারসাজিও এর জন্য কম দায়ী নয়। বাজারের কারণে দাম আরও বেড়ে যায়। কারণ, ব্যবসায়ীরা লাভের হার কমাতে চান না। সরকারকে কঠোর হাতে এসব অসাধু ব্যবসায়ীকে দমন করতে হবে। সে জন্য কার্যকর বাজার মনিটরিং কমিটি গঠন করে নিয়মিত বাজার পরিদর্শন এবং দ্রব্যমূল্যের পর্যালোচনা করার যথাযথ ব্যবস্থা নিতে হবে।
নাগরিকদের যুক্ত করে সরকার এ মনিটরিং ব্যবস্থা চালু করতে পারে।
উজ্জ্বল দাস পোদ্দার, ঢাকা।