দ্রব্যমূল্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিনির দাম ৭০ টাকা হয়ে গেছে। চালের দামও প্রতি বস্তায় ১০০ থেকে ২০০ টাকা বেড়ে গেছে। লবণের দামও বাড়বে, ভোজ্যতেলও বেশি দামে বিক্রি হচ্ছে। প্রথম আলোর একটি প্রতিবেদনে উঠে এসেছে, যদি লবণের নতুন দাম কার্যকর হয় তবে ভোক্তাদের ৪০-৪৫ টাকা কেজি দরে লবণ কিনতে হতে পারে। সবজির দামও বাড়ছে বন্যার কারণে। একজন তৈরি পোশাককর্মীর ন্যূনতম বেতন যদি পাঁচ হাজার টাকা হয়, তবে তিনি এই বাজারদরে তঁার জীবিকা কীভাবে চালাবেন? কীভাবে বাসা ভাড়া দেবেন, কীভাবে স্বাস্থ্যব্যয় মেটাবেন? আর যে দিনমজুর, তঁার কথা কে ভাববে!

দাম সব সময় সমান থাকবে না—এটা স্বাভাবিক। আন্তর্জাতিক বাজার, দেশের উৎপাদনশীলতা সবকিছুর ওপর যেহেতু দ্রব্যমূল্য নির্ভর করে, সেহেতু দ্রব্যমূল্য সঠিকভাবে পর্যবেক্ষণ করা গেলে হঠাৎ করে দাম বাড়ার কথা নয়। সরকারি চাকুরেদের বেতনকাঠামোর উন্নতি হলেও বেসরকারি খাতে এখনো অনেক অনিয়ম চলছে। পরিবারের ভরণপোষণ মেটানো মানুষের পক্ষে কঠিন হয়ে উঠছে। অথচ আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলেও আমরা তার সুবিধা ভোগ করতে পারছি না।
আশা করি, সরকার দ্রব্যমূল্য মনিটর করবে, তেলের দাম কমাবে।
সাঈদ চৌধুরী
গাজীপুর।