বাজারে আগুন জ্বলছে। সত্যিই যেন কাঁচাবাজার, মাছের বাজারসহ সব জায়গায় জ্বলছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির আগুন। পেঁয়াজ, কাঁচা মরিচ, চালসহ সব ধরনের পণ্যের দাম বাড়ছে দ্রুতগতিতে। এর সঙ্গে যোগ হয়েছে বিদ্যুৎ ও গ্যাসের বাড়তি দাম। সেপ্টেম্বর মাস থেকেই কার্যকর হয়েছে বিদ্যুৎ ও গ্যাসের নতুন দাম।
দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতি মধ্যবিত্ত ও নিম্নবিত্ত সমাজে ব্যাপক প্রভাব ফেলেছে। মধ্যবিত্ত পরিবারের মানুষ না পারছে এত দাম দিয়ে জিনিস কিনতে, না পারছে অনাহারে থাকতে। এদিকে ছাত্রছাত্রীরা যারা হল বা মেসে থেকে পড়াশোনা করছে, তাদের নিত্যদিনের বাজারের কাজ অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।
আর এসব কারণে সবচেয়ে বেশি ভুগছেন খেটে খাওয়া দিনমজুরেরা, যাঁরা প্রতিদিনের খাবার প্রতিদিন কিনে খান। তাঁরা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। তাঁরা কীভাবে এই বাড়তি দামের সঙ্গে খাপ খাইয়ে চলবেন? জিনিসের দামের সঙ্গে তাঁদের শ্রমের মূল্য তো বাড়েনি। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হলো, এই অস্থিতিশীল অবস্থা নিরসনে সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। এ ক্ষেত্রে সরকারি হস্তক্ষেপ ছাড়া বাজারের স্থিতিশীলতা ফিরিয়ে আনা সম্ভব নয়।
প্রিয়াঙ্কা রায়
সিলেট।