দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিবছর রমজান মাসে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি অভিশাপরূপে দেখা দেয়। চাহিদা ও জোগানের মধ্যে ভারসাম্যহীনতা, মজুতদারি, ফাটকাবাজি, মুদ্রাস্ফীতি ও কালোবাজারি ইত্যাদি দ্রব্যমূল্য বৃদ্ধির অন্যতম কারণ। অসাধু ব্যবসায়ীরা অসৎ উদ্দেশ্য হাসিল করার জন্য পণ্য মজুত করে। ফলে জনসাধারণের ভোগান্তি শতগুণ বেড়ে যায়। অথচ রমজান মাসে এর উল্টোটা হওয়ার কথা।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি জনজীবনে অস্বস্তিকর অবস্থা সৃষ্টি করেছে। আমাদের সাধারণ মানুষের আয় মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। ফলে লাগামহীন মূল্যবৃদ্ধির কারণে আমাদের দেশের অধিকাংশ মানুষ সব চাহিদা মেটাতে ব্যর্থ হয়। ভারসাম্যপূর্ণ অবস্থা বজায় রাখতে অবশ্যই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি প্রতিহত করতে হবে। দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে সরকারকে অসাধু ব্যবসায়ী, মজুতদার ও কালোবাজারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। তাহলেই মানুষ এই অভিশাপ থেকে রক্ষা পাবে।

মো. সাদমান খান

সুনামগঞ্জ।