একজন জ্যেষ্ঠ অবসরপ্রাপ্ত চিকিৎসক ও শিক্ষক হিসেবে সরকারের কাছে অনুরোধ, চলতি বছরের মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল বাতিল করুন। কারণ, পরীক্ষার আগের রাতে ফেসবুক, হোয়াটসঅ্যাপ ইত্যাদি সামাজিক মাধ্যমে পরীক্ষার কিছু প্রশ্নপত্র ফাঁস হয়, যা পরের দিনের পরীক্ষার প্রশ্নের সঙ্গে হুবহু মিলে যায়। এ ছাড়া ইন্টারনেটে প্রকাশিত ফলাফলেও মারাত্মক গরমিল দেখা যায়।
বিভিন্ন দেশে কাজ করার অভিজ্ঞতা থেকে বলছি, ভারত, পাকিস্তান, মিসর প্রভৃতি দেশের চিকিৎসকদের চেয়ে আমাদের দেশের চিকিৎসকদের মান
অনেক উঁচুতে। কারণ, আগে আমাদের মেডিকেল কলেজগুলোতে সব সময় কেবল মেধাবী শিক্ষার্থীরাই ভর্তি হতে পেরেছে। এখন ফাঁসকৃত প্রশ্নের সুযোগ নিয়ে যদি অযোগ্য শিক্ষার্থীরা ভর্তি হয়, তাহলে চিকিৎসাসেবা মারাত্মক হুমকির সম্মুখীন হবে।
কয়েক মাস আগেই সারা ভারতে মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রযুক্তিগত জালিয়াতির মাধ্যমে প্রশ্নপত্র ফাঁস হয়। সে দেশের কর্তৃপক্ষ সেটি বুঝতে পেরে ফলাফল বাতিল করে নতুনভাবে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মেডিকেলে মেধাবী ছাত্রদের সুযোগ দিন, দেশের শিক্ষাব্যবস্থাকে বাঁচান।
ডা. লুৎফর খান
অবসরপ্রাপ্ত জ্যেষ্ঠ চিকিৎসক ও শিক্ষক।