ধর্মীয়, সামাজিক, আইনগত এমনকি মানবিক দিক থেকেও ধর্ষণ একটি ক্ষমার অযোগ্য অপরাধ। লোকে ক্রোধের বশবর্তী হয়ে খুন করতে পারে, অজ্ঞানতাবশত বিরাট ক্ষতি সাধন করতে পারে, উন্মাদনার দরুন কেউ আবোলতাবোল কথা বলতে পারে, কিন্তু শুধু কাম নিবারণের জন্য কেউ ধর্ষণ করতে পারে না। ধর্ষণকারীর হিংস্রতা, পশুবৃত্তির চরম বহিঃপ্রকাশ, নৈতিক অবক্ষয়ের সীমা লঙ্ঘন হলেই কেউ এ কাজ করতে পারে।
আরও যে কারণেই হোক ধর্ষণ আজ আমাদের সমাজের একটি আতঙ্কের নাম। নারী উন্নয়নের গ্রাফটা ঊর্ধ্বগামী হলেও ধর্ষণের মাত্রা কোনোভাবেই যেন নিচে নামছে না। ধর্ষণের মতো ঘটনা আজ নিত্যদিনের। যদিও কোনো কালেই দেশ ও সমাজ পুরোপুরি ধর্ষণমুক্ত ছিল না।
কথা বলছি কুমিল্লার কলেজছাত্রী সোহাগীকে নিয়ে। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী সোহাগী জাহান (তনু) পারিবারিক আর্থিক অসচ্ছলতার কারণে টিউশনি করে পড়াশোনার খরচ চালাতেন। মাত্র দুটি ঘণ্টা, রাত ৮টা থেকে ১০টা। শুধু এতটুকু সময় সোহাগী আপন লোকজনের নাগালের বাইরে ছিলেন। মাত্র দুটি ঘণ্টা একজন নারীকে নিরাপত্তা দিতে পারে না আমাদের সমাজ। ধর্ষিত হয়ে মরতে হলো তাকে।
আমরা চাই না তনুর মতো আর কোনো বোন এভাবে হিংস্র পশুর ছোবলে নিজের জীবন দিক। এমন দৃষ্টান্ত সৃষ্টি করা হোক তনুই যেন হয় ধর্ষণের শিকার সর্বশেষ নারী।
মো. সফিউল আলম প্রধান
শিক্ষার্থী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।