ধর্ষণ বেড়েছে, বাড়ছে। চলন্ত গাড়ি থেকে শুরু করে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়; এমনকি পরিবারের মধ্যেও ধর্ষণ ঘটে চলেছে। ধর্ষণের খবর গণমাধ্যমে যতটুকু প্রকাশ পায়, প্রকৃতপক্ষে ধর্ষণের ঘটনা ঘটে তার চেয়ে বেশি।
ধর্ষণের ঘটনায় বিচার ও শাস্তি হচ্ছে কম। ধর্ষণের ঘটনা বেড়ে যাওয়ার এটা একটা কারণ। তাই আইনের কঠোরতম প্রয়োগ নিশ্চিত করা জরুরি। সেই সঙ্গে পারিবারিক শিক্ষার ওপরেই জোর দিতে হবে।
এ দেশে পারিবারিক কাঠামো মজবুত। সন্তানের নৈতিক শিক্ষা, আচার-আচরণ, কথাবার্তাসহ যাবতীয় প্রাথমিক জ্ঞানের
ক্ষেত্রে পরিবারের ভূমিকা অপরিসীম। আমাদের সমাজে যৌনশিক্ষার আয়োজন নেই। পরিবার সন্তানকে এই শিক্ষা দেবে, এটা যেন আমাদের ভাবনারও অতীত।
অন্যদিকে, পরিবারে বন্ধুত্বপূর্ণ ব্যবহার না পেয়ে বিশেষ করে ছেলেরা সমবয়সীদের সঙ্গে বেশি সময় কাটায়। ফলে তাদের আগ্রহের জায়গাটা হয়ে দাঁড়ায় নারী ও যৌনতা। বয়ঃসন্ধিকালে একে অন্যকে শ্রদ্ধা করতে হবে, সেই শিক্ষা দেওয়ার এটাই উপযুক্ত সময়। সে লক্ষ্যে ছেলে ও মেয়েদের মধ্যে বিভাজন রাখা ঠিক নয়।
তাদের একত্রে খেলতে দিতে হবে, একত্রে নানা কাজ করতে দিতে হবে। বাস্তবতা থেকে তারা এ শিক্ষা লাভ করলে পরবর্তীকালে নারী-পুরুষের সম্পর্কের বিষয়টিও তারা ধরতে পারবে। পরিবারের পাশাপাশি স্কুল ও সমাজেও এই আয়োজন থাকতে হবে।
তাহলে হয়তো আমরা এই অবস্থা থেকে বেরোতে পারব।
নাহিদ ইমরান
শিক্ষার্থী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।