দেশে শিশু, নারী নির্যাতন ও ধর্ষণের সংখ্যা অস্বাভাবিক হারে বেড়ে গেছে। সারা দেশেই নারীরা নানাভাবে নির্যাতিত ও ধর্ষিত হচ্ছেন। সম্প্রতি চলন্ত বাসে এক নারীকে তিনজন নরপশু ধর্ষণের পর অত্যন্ত নিষ্ঠুরভাবে হত্যা করেছে। বনানীর হোটেলে ধর্ষণ, বগুড়ার তুফান–কাণ্ড, সিলেটের বদরুল–কাণ্ডসহ দেশের অসংখ্য নারী ধর্ষণ ও নিষ্ঠুর নির্যাতনের শিকার হচ্ছেন। এতে দেশবাসী আতঙ্কিত না হয়ে পারে না। নারীর প্রতি এমন নিষ্ঠুরতা অপরাধের সকল মাত্রাই যেন ছাড়িয়ে যাচ্ছে। দেশের কোনো বিবেকবান মানুষ এ অবস্থা মেনে নিতে পারেন না।
প্রতিদিন সারা দেশে ধর্ষণের ঘটনা ঘটলেও বেশির ভাগ সংবাদ গণমাধ্যমে আসে না। পারিবারিক ও সামাজিক নিরাপত্তার কারণে ধর্ষণের অনেক ঘটনাই প্রকাশ না পেলেও একজন ধর্ষিত নারীর জীবন তছনছ হয়ে যায়। বেশির ভাগ ক্ষেত্রেই অপরাধীরা ধরা পড়ছে, অপরাধ স্বীকারও করছে, কিন্তু দীর্ঘ বিচারপ্রক্রিয়ার পর তাদের কী শাস্তি হলো বা তা কার্যকর হয়েছে কি না, তার অনেক সংবাদই আমরা পাই না। এ তো বিচারের ব্যাপার। কিন্তু মানুষের চেতনাগত পরিবর্তন না হলে পরিস্থিতির উত্তরণ ঘটবে না। এটাই সবচেয়ে বেশি জরুরি। এর জন্য দরকার পারিবারিক, সামাজিক ও প্রাতিষ্ঠানিক শিক্ষা।
বিপ্লব আহমেদ, ফরিদপুর।