ধর্ষণের মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধর্ষণ বর্তমানে নৈমিত্তিক ঘটনা। পত্রিকা পড়ব, আর ধর্ষণের খবর পড়ব না—এ যেন আকাশকুসুম ব্যাপার। ধর্ষণের শিরোনাম যেন রোজকার সংবাদপত্রের অবিচ্ছেদ্য অংশ।
বাংলাদেশ মহিলা পরিষদের হিসাবে গত জুলাই মাসে ৮৩টি ধর্ষণ হয়েছে, এর মধ্যে গণধর্ষণের শিকার ১৫ জন। ধর্ষণের পর হত্যা করা হয় নয়জনকে।
এ ছাড়া ধর্ষণের চেষ্টা করা হয় ১৯ জনকে। শ্লীলতাহানির শিকার হন ১০ জন। এই পরিসংখ্যানই বলে দেয়, একুশ শতকে ‘ধর্ষণ’ নামক বিভীষিকাটা আমাদের জীবনে নিত্যকার ঘটনা হয়ে দাঁড়িয়েছে। আপনারা কেউ কি একবারও ভেবেছেন, একটি ধর্ষণের ঘটনা ধর্ষিতার জীবনে কী মাত্রায় সিডর বা আইলা বইয়ে দেয়?
বাংলাদেশের নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ অনুসারে, ধর্ষণের শাস্তি যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড। এই আইনের কার্যকারিতা কোথায়? তবে কি ধর্ষণের এই মিছিল চলতেই থাকবে? দিন দিন তার মেদ, দৈর্ঘ্য কি বাড়তেই থাকবে? এই রাষ্ট্রযন্ত্র, প্রশাসন, সরকার, বিচারব্যবস্থা ধর্ষণের এই অপ্রতিরোধ্য মিছিল থামানোর শক্তি কি কারও নেই? তবে নারীরা এতিম না রাষ্ট্রহীন—কোন রাজ্যের বাসিন্দা?
শিক্ষার্থী, ইডেন কলেজ, ঢাকা।