ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের মোট জনসংখ্যার অর্ধেক নারী, সেই দেশে নারীরা আজ নিরাপত্তাহীনতায় ভুগছেন। সমাজের গোটা কয়েক বিকৃত রুচির পুরুষের হাতে তৈরি হয়েছে এই নিরাপত্তাহীনতা। সকালে নাশতা করে মেয়ে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে কাজ করার জন্য বের হয় ঠিকই, কিন্তু সুস্থ বাড়ি ফিরবে কি না, তার নিশ্চয়তা কেউ দিতে পারে না। বাবা-মা মেয়েকে হাত ধরে স্কুলে পৌঁছে দেন সময়মতো। কিন্তু তারপর?
কে বলতে পারবে সেই মেয়ের জীবন ধ্বংস করার জন্য কোনো বিষধর সাপ ওত পেতে আছে কি না? এক গ্লাস দুধে এক ফোঁটা বিষ দিলে যেমন পুরো দুধটাই বিষাক্ত হয়ে যায়, তেমনি আমাদের সমাজও আজ কলুষিত হয়ে গেছে। গত ২১ মে এক আদিবাসী তরুণী ধর্ষণের শিকার হয়েছেন। অভিযুক্ত দুজনকে পুলিশ ধরেছে ঠিকই, কিন্তু অবশেষে কি সঠিক বিচার হবে?
সমাজের সচেতন নাগরিকের দাবি হচ্ছে ধর্ষণের শাস্তি একটাই, সেটা মৃত্যুদণ্ড। একটি ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড যদি অবিলম্বে কার্যকর করা হয়, তবে সমাজের অবশিষ্ট পশুদের মধ্যে ভয় ঢুকবে। অন্যথায় ধর্ষণের পরে মিডিয়ার সচেতনতা, খবরের কাগজের লেখনীতে প্রতিবাদ, সড়কে চোখে কাপড় বেঁধে মানববন্ধন ও গণজাগরণের সবার সব কর্মসূচি সম্পূর্ণই বৃথা হয়ে যাবে।
ফাতেমা বেগম, ঢাকা।