ধর্ষণ একটি মেয়েকে শুধু মানসিকভাবে বিপর্যস্ত করে না, তাকে সারা জীবনের জন্য ছোট করে দেয়। খুব শক্ত মনের মানুষ না হলে ধর্ষণের শিকার একটি মেয়ের সমাজে চলা একরকম কঠিনই বলা চলে। অনেকে সহ্য না করতে পেরে আবার মানসিক ভারসাম্য হারিয়েও ফেলে।
অথচ দেখা যায়, সমাজের এক অদ্ভুত নিয়মে কাকতালীয়ভাবে মেয়েটাকেই ধর্ষণের সব দায় নিতে হয়। মেয়েটার দোষ না থাকলেও তথাকথিত নিয়মের মধ্য দিয়ে মেয়েটাকে পারিবারিক-সামাজিকভাবে কুণ্ঠিত করা হয়, বাধাগ্রস্ত করে ফেলা হয় তার যাবতীয় চলাফেরা। আর ধর্ষকের শাস্তি হয় নামমাত্র।
কিন্তু শুধু শাস্তিই কি যথেষ্ট? সেই মেয়েটাকে আশ্রয় দিয়ে জীবনের নিজস্ব গতিতে ফিরিয়ে আনার দায়িত্ব কি সরকার-রাষ্ট্রের ওপর বর্তায় না? মেয়েটা যে ধর্ষণের শিকার হলো, তার দায় কি শুধু মেয়েটার? এই দায় সমাজের, এই সমাজই সমাজে ধর্ষক তৈরি করেছে। ফলে প্রতিকারটা প্রথমত সমাজ থেকেই আসতে হবে। একজন ধর্ষণের শিকার সমাজের কলঙ্ক নয়। সরকার বা রাষ্ট্রের উচিত, প্রথমত ধর্ষকের বিচার করা, দ্বিতীয়ত ধর্ষণের শিকার নারীকে সমাজে নির্বিঘ্নে চলাফেরার সুযোগ করে দেওয়া। তাকে যেন এ কারণে অধিকার পাওয়ার ক্ষেত্রে বৈষম্যের শিকার হতে না হয়, তা নিশ্চিত করা। তাহলে তারা সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে।
আফসানা সিদ্দিকী, শাবিপ্রবি, সিলেট।