ধানমন্ডিতে পানির সমস্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধানমন্ডি একটি আবাসিক এলাকা, এই কথাটি এখন শুধু অতীতের বিষয়। এই এলাকার বাসিন্দারা আগের চেয়ে এখন অনেক বেশি কর দিয়েও সুযোগ-সুবিধা আগের চেয়ে অনেক কম পাচ্ছেন। বিশেষ করে পানির সমস্যা অত্যন্ত প্রকট। বছরের পর বছর ধানমন্ডিবাসী পানি সরবরাহ ও পরিষ্কার পানির সুবিধা থেকে বঞ্চিত। বিশেষ করে আবাহনী মাঠ-সংলগ্ন এলাকার অবস্থা শোচনীয়। আবাহনী মাঠের কাছে ওয়াসার পাম্পটি প্রায়ই নষ্ট থাকায় এলাকাবাসী পানি পান না।
পূর্বঘোষণা ছাড়াই দু-তিন দিন পানি সরবরাহ বন্ধ থাকে কিংবা ভোররাতে দু-এক ঘণ্টার জন্য পানি সরবরাহ করা হয়, সেই পানিও আবার অপরিষ্কার। এর ফলে ধানমন্ডিবাসীর জীবন এখন দুর্বিষহ। বিশেষ করে বাড়িওয়ালাদের তিক্ত সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। ওয়াসা কর্তৃপক্ষ কবে এই সমস্যার সমাধান করবে, সে বিষয়েও তারা স্পষ্ট করে বলছে না। উপরন্তু মাস শেষে বিল তো ঠিকই আসছে। উপায়ন্তর না থাকায় ধানমন্ডির অধিবাসীদের ওয়াসার পানিবাহী ট্যাংক থেকে বেশি দাম দিয়ে পানি কিনতে হচ্ছে। আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। গ্যাসের সমস্যা তো দেশব্যাপী। ধানমন্ডির মতো এলাকারই যদি এ অবস্থা হয়, তাহলে অন্য এলাকার কী পরিস্থিতি, তা সহজেই অনুমেয়।
মুনিরা চৌধুরী
ধানমন্ডি, ঢাকা।