
‘গত তিন দিন ধরে বাঁকা আর শরীফের নাওয়া-খাওয়া বলে কিছু নেই। সারা দেশের সব ব্রিজ আর কালভার্টের তালিকা বানানো মুখের কথা নয়। তিন হাজার ৫০০টি ব্রিজ আর কালভার্ট। ছেলে দুটি আজকালের মধ্যেই আসবে ওগুলো নিতে।’ জানাহারা ইমাম, একাত্তরের দিনগুলি, ৭ জুলাই, ১৯৭১।
ছেলে দুজন ছিলেন সেক্টর-২-এর দুজন গেরিলা যোদ্ধা হাবিবুল আলম ও শাহাদত চৌধুরী। সেক্টর কমান্ডার খালেদ মোশাররফের নির্দেশে তাঁরা এসেছিলেন তাঁদের অপর সহযোদ্ধা রুমীর বাবা শরীফ ইমামের কাছে। বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ, শিবপুর, কলকাতা থেকে পুরকৌশলে (সিভিল ইঞ্জিনিয়ারিং) স্নাতক ডিগ্রিধারী শরীফ ইমাম সে সময়কার ঢাকার প্রকৌশল জগতে একনামে পরিচিত ছিলেন। শরীফ ইমামের মেধা, দক্ষতা, পরিশ্রম শুধু তাঁর কর্মজীবনকেই সমৃদ্ধ করেনি, তাঁর কর্মজীবনের অভিজ্ঞতার আলোকে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে তিনি অসামান্য অবদান রেখেছিলেন। ছাত্র, তরুণ, কৃষক, বাংলার আপামর জনসাধারণের সঙ্গে বিভিন্ন পেশাজীবীর মানুষও প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সম্পৃক্ত ছিলেন বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সঙ্গে। শরীফ ইমাম ছিলেন স্বাধীনতা-পূর্ববর্তী সময়ে এ দেশের প্রকৌশল জগতের এক উজ্জ্বল নক্ষত্র। একজন কৃতী প্রকৌশলী হিসেবে মুক্তিযুদ্ধে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপনকারী ক্ষণজন্মা এ মানুষটির জন্ম ৩০ অক্টোবর, ১৯২৭ সালে এবং ১৩ ডিসেম্বর, ১৯৭১ বাংলার মুক্তাকাশ স্বাধীনতার সূর্যালোকে আলোকিত হওয়ার মাত্র তিন দিন আগে তিনি অনন্তলোকে পাড়ি জমান।
পেশাগত জীবনের পাশাপাশি ব্যক্তিজীবনেও শরীফ ইমাম ছিলেন একজন অনুকরণীয় ব্যক্তিত্ব। উদার ও সহযোগী মনোভাবাপন্ন স্বামী শরীফ ইমামের অনুপ্রেরণায় স্ত্রী জাহানারা ইমাম শিক্ষা ও কর্মক্ষেত্র থেকে শুরু করে সমাজের সর্বত্র নিজেকে বিকশিত করতে পেরেছিলেন। বাবা হিসেবেও তিনি ছিলেন অত্যন্ত বন্ধুবৎসল।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধ দারুণভাবে নাড়া দিয়েছিল এই বিবেকবান ও দেশপ্রেমিক মানুষটিকে। আর তাই জ্যেষ্ঠ সন্তান রুমীকে মুক্তিযুদ্ধে পাঠিয়ে শরীফ ইমাম ও স্ত্রী জাহানারা ইমাম মুক্তিযোদ্ধাদের সহায়তা প্রদানের ক্ষেত্রে সক্রিয় ভূমিকায় অবতীর্ণ হন। শরীফ ইমাম তাঁর অন্যান্য বন্ধু ও সহকর্মীদের নিয়ে টাকা সংগ্রহ করে অল্প অল্প করে মুক্তিযোদ্ধাদের কাছে পাঠানোর ব্যবস্থা করেন। তিনি তাঁর পেশাগত অভিজ্ঞতার আলোকে তরুণ মুক্তিযোদ্ধাদের প্রয়োজনীয় তথ্য এবং বাংলাদেশের সব ব্রিজের ম্যাপ সরবরাহ করে তাঁদের অপারেশনে গুরুত্বপূর্ণ সহযোগিতা করেন। এর ফলে সেক্টর-২-এর কমান্ডার খালেদ মোশাররফ ছেলেদের অকুস্থলে না পাঠিয়ে ম্যাপ দেখেই ব্রিজ নির্ধারণ করে অপারেশনে পাঠাতে পারতেন। এই তথ্য প্রদানের সময় শরীফ ইমাম অত্যন্ত বিচক্ষণতার পরিচয় দেন। শরীফ ইমাম ঘোর অমানিশার মধ্যেও দেশ স্বাধীন হওয়ার ব্যাপারে ছিলেন প্রচণ্ড আশাবাদী। তিনি এতটাই দেশপ্রেমিক ছিলেন যে স্বাধীনতা-উত্তর একটি যুদ্ধবিধ্বস্ত দেশের অর্থনৈতিক অবস্থার কথাও চিন্তা করে ব্রিজের ঠিক কোন পয়েন্টে এক্সপ্লোসিভ বেঁধে ওড়ালে ব্রিজ তুলনামূলকভাবে কম ক্ষতিগ্রস্ত হবে, সে অনুযায়ী নির্দেশনা দিতেন মুক্তিযোদ্ধাদের। শরীফ ইমামের বাসভবন ‘কণিকা’ ১৯৭১ সালে গেরিলা যোদ্ধাদের পদচারণে মুখর ছিল। রুমীর সহযোদ্ধারা নিরিবিলিতে অপারেশনের প্ল্যান করার জন্য কণিকাতে এলে অনেক সময় শরীফ ইমাম নিজে বাজার করে গেরিলা যোদ্ধাদের আপ্যায়নের ব্যবস্থা করেছেন। ২৫ আগস্ট ’৭১-এ ধানমন্ডিতে দুর্ধর্ষ অপারেশন সেরে আসা রুমী ও তার দলের অস্ত্রশস্ত্র নিজ বাসভবনে লুকিয়ে রাখার ব্যাপারে শরীফ ইমাম সর্বাত্মক সহযোগিতা করেন। জাহানারা ইমাম রচিত মুক্তিযুদ্ধের অসামান্য দলিল একাত্তরের দিনগুলিতে ফুটে উঠেছে স্বাধিকার আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন এবং মুক্তিযোদ্ধাদের সহযোগিতা প্রদানের মধ্য দিয়ে শরীফ ইমামের সক্রিয়ভাবে জড়িত থাকার বিষয়গুলো।
১৯৭১ সালের ২৯ আগস্ট, আনুমানিক রাত ১২টার দিকে পাকিস্তানি সেনাবাহিনী শরীফ ইমামকে তাঁর মুক্তিযোদ্ধা ছেলে রুমী, কনিষ্ঠ ছেলে জামী, অন্য পুরুষ সদস্যদেরসহ বাড়ি থেকে ধরে নিয়ে যায় এবং দুই দিন অমানুষিক শারীরিক ও মানসিক নির্যাতন শেষে রুমী ছাড়া তাঁকে ও অন্যদের ছেড়ে দেয়। মৃত্যুর মুখোমুখি দাঁড়ানো প্রখর ব্যক্তিত্বসম্পন্ন ও নির্ভীক শরীফ ইমামের কাছ থেকে পাকিস্তানি বাহিনী কোনো তথ্য বের করতে পারেনি। পাকিস্তানি আর্মির বন্দিশিবির থেকে অমানুষিক নির্যাতন ভোগ শেষে ফিরে আসার পরও শরীফ ইমাম মুক্তিযুদ্ধের জন্য কাজ বন্ধ রাখেননি। এমপি হোস্টেলে নির্যাতনের বিষয়টি তিনি স্ত্রী জাহানারা ইমামকে জানাননি। স্বাধীনতার জন্য ছেলে বিসর্জন এবং পাকিস্তানি বাহিনীর নির্যাতন, অপমান সহ্য করে স্তব্ধ হয়ে যান তিনি কিন্তু সরে আসেননি তাঁর কর্তব্যবোধ থেকে।
রুমীকে উদ্ধার করার জন্য শরীফ ইমামের শুভানুধ্যায়ীরা মার্সি পিটিশন করার কথা বললেও প্রখর ব্যক্তিত্বসম্পন্ন শরীফ ইমাম তাতে রাজি হননি, যদিও জানতেন এর পরিণতি কী হতে পারে। ছেলের জীবনের চেয়ে তিনি দেশ এবং ছেলের আত্মসম্মানকেই প্রাধান্য দিয়েছিলেন। রুমীর আদর্শকে সমুন্নত রাখার জন্য তিনি নতিস্বীকার করেননি সামরিক জান্তাদের কাছে। এমনই এক দেশপ্রেমিক, ব্যক্তিত্বসম্পন্ন বাবার ছত্রচ্ছায়ায় বেড়ে ওঠা রুমীর চরিত্রেও মিশে যায় দৃঢ়তা, আত্মসম্মান আর দেশপ্রেম। বাবার যোগ্য ছেলে রুমীও পাকিস্তানি বাহিনীর চরম অত্যাচারের মুখে তার কোনো সহযোদ্ধার নাম বলেনি। ব্যক্তিগত শোক, পাকিস্তানি সেনাবাহিনী কর্তৃক অপমান আর নির্যাতনে জর্জরিত হলেও তিনি সব সময় গেরিলা যোদ্ধাদের আগমন, চলাচল, কর্মতৎপরতা সম্পর্কে খবরাখবর রাখতেন।
কঠোর মনোভাব বজায় রাখলেও ভেতরে ভেতরে ছেলের শোকে শরীফ ইমাম বিপর্যস্ত হয়ে পড়েন। বিজয়ের দ্বারপ্রান্তে এসেও চূড়ান্ত বিজয় দেখে যেতে পারলেন না শরীফ ইমাম। ১৯৭১ সালের ১৩ ডিসেম্বর তারিখে মাত্র ৪৪ বছর বয়সে স্বাধীনতার এই নীরব কর্মী পাকিস্তানি বাহিনীর অপমান, নির্যাতন আর ছেলের শোক সহ্য করতে না পেরে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।
তাঁর প্রয়াণ দিবসে শ্রদ্ধাঞ্জলি।
আবু ইউসুফ: সহযোগী তত্ত্বাবধায়ক, শহীদজননী জাহানারা ইমাম স্মৃতি জাদুঘর।