দেশের সেরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নকল করার বিষয়টি পত্রিকান্তরে ফলাও হয়েছে। ১২ সেপ্টেম্বর ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষায় নকল করতে গিয়ে ১৫ জন পরীক্ষার্থী ধরা পড়েছেন। এর আগে ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষায়ও সাতজন পরীক্ষার্থী ধরা পড়েছেন। আবার হয়তো প্রযুক্তি ব্যবহার করে নকল করেও পার পেয়েছেন কেউ কেউ। তাই ভর্তির ক্ষেত্রে স্বচ্ছতা আনতে নিম্নলিখিত পদক্ষেপ নেওয়া যেতে পারে:
১. পরীক্ষার্থীরা যাতে মোবাইল, ক্যালকুলেটর, ঘড়ি, মাইক্রোফোনসহ অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস নিয়ে কেন্দ্রের ভেতরে ঢুকতে না পারেন, সে জন্য গেটে কড়া পাহারা বসাতে হবে। মেয়ে পরীক্ষার্থীদের ক্ষেত্রে নারী পাহারাদার রাখতে হবে।
২. কেন্দ্রের কর্মচারীসহ যাঁরা কেন্দ্রের দায়িত্ব পালন করবেন, তাঁদের মাধ্যমে যেন কোনো ইলেকট্রনিক সামগ্রী পরীক্ষার্থীদের হাতে পৌঁছাতে না পারে, সে ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চোখ-কান খোলা রাখতে হবে।
৩. পরীক্ষার প্রশ্নপত্র যাতে করে কেন্দ্রের বাইরে যেতে না পারে সে জন্য কেন্দ্র কর্তৃপক্ষকে সতর্ক থাকতে হবে।
৪. কেন্দ্রে দায়িত্ব পালনে পর্যবেক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাঁরা আন্তরিক হলে কোনো পরীক্ষার্থীই নকল করতে পারবেন না।
৫. কেন্দ্রে ভিজিলেন্স টিম থাকতে হবে। তাদের সব সময় মুভ করতে হবে।
৬. কেন্দ্রে ছাত্রনেতাদের ঢোকা নিষিদ্ধ করতে হবে।
৭. কোনো পরীক্ষার্থী অসদুপায় অবলম্বনের কারণে ধরা পড়লে তাঁকে ওই বছরের জন্য কোনো ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া যাবে না।
৮. যাঁরা জালিয়াতি করেন, তাঁরা একটি শক্তিশালী চক্র। তাঁদের সামনে লাখ লাখ টাকার হাতছানি। তাঁরা বেপরোয়া। তাই কর্তৃপক্ষকেও বেপরোয়া হতে হবে। তাঁদের ধরে যথাযথ বিচারের সম্মুখীন করতে হবে।
মোহাম্মদ মফিজ উদ্দিন, ঢাকা।