প্রায় ১৬ কোটি জনসংখ্যা অধ্যুষিত এই বাংলাদেশ একসময় ছিল সুজলা-সুফলা ও শস্য-শ্যামলা। কিন্তু একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় এ দেশের গ্রামভিত্তিক জনজীবন হয়ে উঠেছে নগরভিত্তিক। মানুষের জীবনযাত্রায় ব্যাপক পরিবর্তন আসায় গ্রামের মানুষ শহরমুখী হয়ে পড়ছে। কিন্তু এদের অধিকাংশেরই জীবনে আসছে না উল্লেখযোগ্য পরিবর্তন। কারণ, জীবনযাত্রার মান উন্নয়নের শর্ত হলো নগর উন্নয়ন। উন্নত জীবনযাপনের প্রত্যাশা, পেশাগত কারণ, শিক্ষা অর্জন কিংবা অন্য যেকোনো কারণেই হোক, মানুষ প্রথমেই দেশের প্রধান নগরগুলোকে বেছে নেয়।
কিন্তু ক্রমবর্ধমান মানুষের চাপ নগরগুলো বহন করতে পারছে না বিধায় জনজীবন দুর্বিষহ হয়ে পড়ছে। বিপর্যস্ত হচ্ছে নাগরিক জীবন। এ ক্ষেত্রে যথাযথ পরিকল্পনার মাধ্যমে নগর উন্নয়নের বিকল্প নেই। দেশের নগর উন্নয়নের ক্ষেত্রে প্রথম লক্ষ্য হতে হবে বস্তি উচ্ছেদ। এখানে না আছে জীবনযাপনের পর্যাপ্ত সুযোগ-সুবিধা, না আছে কাজের স্থায়ী ব্যবস্থা। সরকারের দায়িত্ব এই বস্তিগুলো উঠিয়ে ভাসমান মানুষগুলোকে পুনর্বাসন এবং কর্মসংস্থানের ব্যবস্থা করা। বস্তি উচ্ছেদসহ আরও নানা পদক্ষেপ নেওয়ার মাধ্যমে সরকার নগর উন্নয়নে মনোযোগ দেবে, এমনটাই আমাদের প্রত্যাশা। তা না হলে শহরগুলোও এঁদো গ্রাম হয়ে যাবে। তৈরি হবে নানা সংকট। উন্নয়নের ক্ষেত্রে যা বড় বাধা হয়ে উঠবে।
মো. আবুল কালাম
মৌলভীবাজার।