নজরদারি প্রয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১২ মাসের মধ্যে জ্যৈষ্ঠ মাসে নানা ফল পাকে। এখন চারদিকে আমসহ নানা জাতের ফলের সমারোহ। কিন্তু গত কয়েক বছর আমসহ নানা ফলে ফরমালিন ও ক্যালসিয়াম কার্বাইডের ভয়াবহ প্রয়োগের ফলে সেই ফল বিষাক্ত হয়ে আমাদের শরীরে প্রবেশ করছে। অনেক বছর আমরা না জেনেই এসব বিষ খেয়েছি। কিন্তু গণমাধ্যমের কল্যাণে ধীরে ধীরে আমরা জেনেছি, এসব বিষাক্ত রাসায়নিক দ্রব্যের কথা। জনগণ সতর্ক হয়েছে।
আম সব মানুষের পছন্দ এবং বাংলাদেশে নানা জাতের আম পাওয়া যায়। আমের ভরা মৌসুমে খেয়াল করা যায় অস্থায়ীভাবে ফুটপাতে দোকান বসিয়ে আম বিক্রি করা হয়। এসব দোকানে ক্রেতাদের আকৃষ্ট করার জন্য সাইনবোর্ডে লেখা থাকে ‘ফরমালিনমুক্ত আম’। এখন আমাদের জিজ্ঞাসা, এই আম কি আদৌ ফরমালিন বা কার্বাইডমুক্ত। সরকার ইতিমধ্যে ফরমালিন ও কার্বাইড আমদানি ও বিক্রির ব্যাপারে বেশ কিছু প্রশংসনীয় উদ্যোগ নিয়েছে। সামনেই পবিত্র রমজান মাস শুরু। এই গরমের সময় রোজায় যদি বিষমুক্ত আম পাওয়া যায়, তাহলে রোজাদারেরা বিশেষভাবে উপকৃত হবেন। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ, এই বিশেষ অস্থায়ী আমের দোকানগুলো একটু পরীক্ষার আওতায় আনলে জনগণের নিরাপদ খাদ্য নিশ্চিত করবে। এসব দোকানের আম একটু উচ্চ মূল্যে বিক্রি হয়। কারণ, তারা দাবি করে, এই আমগুলো রাসায়নিকমুক্ত। এখন আমাদের প্রশ্ন, আদৌ কি আমগুলো রাসায়নিকমুক্ত?
মুনিরা চৌধুরী
ধানমন্ডি, ঢাকা।