ভারতের লোকসভায় স্থল সীমান্ত চুক্তি সংশোধনী বিল সর্বসম্মতভাবে অনুমোদিত হওয়ার পর ভারতের প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরের মধ্য দিয়ে দীর্ঘ ৬৮ বছরের একটি মানবিক সমস্যার স্থায়ী সমাধান হলো। এই খবরে ছিটমহলবাসী আনন্দে আত্মহারা।
প্রতিটি পরিবারেই আজ আনন্দের ঢেউ লেগেছে এই ভেবে যে তারা আর পরগাছা নয়, স্বাধীন দেশের নাগরিক। তারা নতুন করে বাঁচার স্বপ্ন দেখছে। তাই সরকারের উচিত হবে, রাষ্ট্রের এই নতুন নাগরিকেরা যাতে তাদের মৌলিক অধিকারগুলো শিগগির পায়, তা নিশ্চিত করা। বিশেষ করে প্রবীণদের দিকে দৃষ্টি দেওয়া খুবই জরুরি। কেননা, এই প্রবীণদের মধ্যে অনেকেই জীবন সায়াহ্নে এসে গেছেন।
মৃত্যুর আগে অন্তত সরকার যেন তাঁদের প্রাপ্য সুবিধাদি যেমন: বয়স্ক ভাতা, বিধবা ভাতা, স্বামী পরিত্যক্ত ভাতাসহ আরও যেসব সুবিধা রয়েছে, তা অগ্রাধিকার ভিত্তিতে প্রদান করে, এই প্রত্যাশা সবার। ইতিমধ্যে জাতীয় বাজেটে এই নতুন নাগরিকদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, এটা সময়োপযোগী সিদ্ধান্ত।
শহীদুল আলম, রাউজান, চট্টগ্রাম।