জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (ন্যাপ) গত ১৫ ফেব্রুয়ারি প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রশ্নপত্রের কাঠামো ও নম্বরবিভাজন চূড়ান্ত করেছে। নতুন প্রশ্নকাঠামো অনুযায়ী প্রতি বিষয়ে ৫০ শতাংশ প্রশ্ন হবে যোগ্যতাভিত্তিক এবং বাকি ৫০ শতাংশ প্রশ্ন হবে গতানুগতিক ধারার। নতুন এই প্রশ্নকাঠামো শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চরম হতাশার জন্ম দিয়েছে, বিশেষ করে বাংলা ও ইংরেজি বিষয়ের প্রশ্নকাঠামোটি।
বাংলা বিষয়ের প্রশ্নকাঠামো অনুযায়ী ৫, ৬ ও ৭ নম্বরের প্রশ্নগুলো হবে পাঠ্যবহির্ভূত। এর মধ্যে বহুনির্বাচনি প্রশ্ন, প্রশ্ন-উত্তর লেখা, যুক্তবর্ণ বিভাজন ও বাক্যে প্রয়োগ, দরখাস্ত, রচনা লেখা—এ সবকিছুই হবে যোগ্যতাভিত্তিক। ইংরেজি প্রশ্নপত্রেও একই ব্যবস্থা থাকবে। একজন পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর পক্ষে এত সব প্রশ্নের উত্তর নিজের যোগ্যতা দিয়ে বুঝিয়ে লেখা কতটুকু বাস্তবসম্মত? এ ছাড়া ইংরেজি প্রশ্নপত্রে মোট ১৩টি এবং বাংলা প্রশ্নপত্রে মোট ১৫টি প্রশ্নের উত্তর করতে হবে, যেগুলোর বেশির ভাগের মানবণ্টন ৫ করে। এভাবে এত কম নম্বরের জন্য হাজারো বিষয়ে পড়তে হচ্ছে শিক্ষার্থীদের।
সাধারণত ১০ থেকে ১১ বছর বয়সের একটি শিশু প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করে। এত কম বয়সে পাবলিক পরীক্ষা দেওয়ার মতো মানসিক দৃঢ়তা যেমন থাকে না, তার ওপর প্রতিবছর নতুন নতুন প্রশ্নকাঠামো তাদের ওপর বাড়তি মানসিক চাপ ফেলছে। কোচিং সেন্টার ও গাইড-বই প্রকাশনা সংস্থাগুলোর রমরমা ব্যবসার আরও প্রসার ঘটছে। শিক্ষার্থী বা শিক্ষার মান বাড়ছে না। অথচ কোচিং-বাণিজ্য ও গাইড বইয়ের নির্ভরতা কমানোর জন্যই সৃজনশীল প্রশ্নপদ্ধতি চালু হয়েছিল।
শিক্ষার্থীদের সৃজনশীলতা ও মেধার বিকাশের জন্য শিক্ষামন্ত্রীর সর্বাত্মক প্রচেষ্টা অবশ্যই প্রশংসার দাবিদার, কিন্তু প্রাথমিক পর্যায়ে এই পদ্ধতি এবং প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার আদৌ কোনো প্রয়োজন আছে কি? প্রাথমিক পর্যায়ের শিশুরা সব বিষয় সম্পর্কে পরিপূর্ণভাবে জানবে-বুঝবে এবং নিজের আগ্রহ থেকে আনন্দ নিয়ে পড়বে। কিন্তু এত জটিল প্রশ্নকাঠামো তাদের পড়াশোনার প্রতি ভীতি ও অনাগ্রহ তৈরি করছে। প্রাথমিক পর্যায়েই কোমলমতি শিশুরা এত চাপ তারা সইতে পারবে কি?
সাবিনা পারভীন
অভিভাবক, গোড়ান, ঢাকা।