নতুন রূপে 'লাগান'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার কয়েকটি গ্রামে ‘লাগানের’ রূপ দেখলাম। এখানকার নিম্নবিত্ত কৃষকেরা বোরো ও আউশ ধানের মৌসুমে অস্বাভাবিক চড়া সুদে অপর কোনো উচ্চ কিংবা মধ্যবিত্তের কাছ থেকে অর্থ ধার করে থাকেন। এই অর্থ সহজপ্রাপ্য ও ঝামেলাহীন বলে কৃষকেরা ব্যাংক বা পল্লি উন্নয়ন বোর্ড থেকে ঋণ নেওয়া একরকম বন্ধ করে দিয়েছেন। ব্যক্তিবিশেষের কাছ থেকে তাঁরা যে ঋণ নিয়ে থাকেন, তার আঞ্চলিক নাম ‘লাগান’। কোনো কোনো ক্ষেত্রে এর সুদের মাত্রা ৫০ শতাংশেরও বেশি, এমনকি ১০০ শতাংশ পর্যন্ত।

জানা গেছে, নুরপুর, চৌপুকুরিয়া, হাড়পুর, শালবাড়িসহ নিয়ামতপুর উপজেলার অন্তত ২০টি গ্রামে ‘টাকা লাগান দেওয়া’ নামক ভয়াবহ সামাজিক ব্যাধি মারাত্মক আকার ধারণ করেছে। নুরপুর গ্রামের অন্তত ১১টি পরিবার এই সুদের কবলে পড়ে নিঃস্ব হয়ে গেছে। এই গ্রামের এক কৃষক ২০১২ সালে মাত্র এক মাসের জন্য ৮০ হাজার টাকা লাগান নেন। মাসান্তে তাঁকে এক লাখ টাকা পরিশোধ করতে হতো। কিন্তু এই অর্থ তিনি সময়মতো পরিশোধ করতে ব্যর্থ হন। ফলে দুই বছর সুদ টেনে দেড় বিঘা জমি বিক্রি করে তাঁকে ঋণমুক্ত হতে হয়। পার্শ্ববর্তী উপজেলা মান্দাতেও এ ধরনের অর্থ লেনদেন হচ্ছে।

প্রশাসনের নাকের ডগায় কীভাবে এই ঋণ কার্যক্রম চলছে? দ্রুত এটা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।

রেজাউল হক, নওগাঁ।