নতুন রেললাইন চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সঙ্গে দক্ষিণাঞ্চলের যোগাযোগব্যবস্থা উন্নয়নের লক্ষ্যে ভাঙ্গা থেকে পদ্মা সেতুর জাজিরা পয়েন্ট পর্যন্ত রেলপথ নির্মাণ করা হচ্ছে। একই সঙ্গে দক্ষিণাঞ্চলের ২১ জেলার সঙ্গে বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামসহ দক্ষিণ-পূর্বাঞ্চলের যোগাযোগব্যবস্থা সহজ করার লক্ষ্যে ভাঙ্গা-মাদারীপুর-শরীয়তপুর রেললাইন নির্মাণ অপরিহার্য। এ রেললাইনকে শরীয়তপুর শহর থেকে চট্টগ্রাম-খুলনা মহাসড়কের শরীয়তপুর ফেরিঘাট পর্যন্ত সম্প্রসারণ করা হলে চট্টগ্রাম ও সিলেট বিভাগের ১৫টি জেলার সঙ্গে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলার যোগাযোগ আরও গতিশীল হবে।
চট্টগ্রাম থেকে চাঁদপুর হয়ে দক্ষিণাঞ্চলের যোগাযোগব্যবস্থা উন্নয়নের দাবি অনেক দিনের। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০১ সালে চট্টগ্রাম-খুলনা মহাসড়ক ও সংশ্লিষ্ট চাঁদপুর-শরীয়তপুর ফেরি সার্ভিস উদ্বোধন করেন। কিন্তু চট্টগ্রাম-খুলনা মহাসড়ক ও সংশ্লিষ্ট চাঁদপুর-শরীয়তপুর ফেরি সার্ভিসের কার্যকারিতা এখনো অর্জন করা যায়নি। একই কারণে চট্টগ্রাম-চাঁদপুর ট্রেন সার্ভিসও অকার্যকর।
চট্টগ্রাম-খুলনা মহাসড়কের শরীয়তপুর অংশটি অত্যন্ত অপ্রশস্ত। নির্মাণের ১৪ বছর পার হলেও মহাসড়কটির শরীয়তপুর অংশটি (প্রায় ৩৫ কি.মি.) ১ ফুটও প্রশস্ত করা হয়নি। এমতাবস্থায় ভাঙ্গা-মাদারীপুর-শরীয়তপুর রেললাইন নির্মাণ করে এ রেলপথটি চাঁদপুর-শরীয়তপুর ফেরি রুটের শরীয়তপুর ফেরিঘাট পর্যন্ত সম্প্রসারণ করা হলে দক্ষিণাঞ্চলের ২১ জেলার গণমানুষের চট্টগ্রামে যাতায়াত সুগম হবে।
এম এ শাহেনশাহ
সহযোগী অধ্যাপক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।