বৃহত্তর বরিশাল জেলাধীন হিজলা থানার আবুপুর একটি অবহেলিত গ্রাম। স্বাধীনতার ৪৪ বছরে অনেক সরকার আসছে–গেছে, কিন্তু এই গ্রামের বাসিন্দাদের ভাগ্যে পরিবর্তন আসেনি।
নদীবিধৌত বরিশালের সর্বোত্তরে এবং জয়ন্তী নদী দ্বারা বরিশালের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হওয়ায় এখানে উন্নয়নের ছোঁয়া লাগেনি।
নাগরিক জীবনের সব সুযোগ-সুবিধা থেকে এরা চিরবঞ্চিত। নৌকা হলো যাতায়াতের প্রধান মাধ্যম। ঝড়ঝঞ্ঝা, বন্যা, সাইক্লোন নিত্যসঙ্গী।
জয়ন্তীর ভাঙনে ভিটেমাটিছাড়া হচ্ছে বহু পরিবার। তাদের পুনর্বাসনের ব্যবস্থা নেই বললেই চলে। ইতিমধ্যে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয় নদীগর্ভে বিলীন হয়ে গেছে। আসন্ন বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও মারাত্মক ও ধ্বংসাত্মক হবে।
এ অবস্থায় সরকারের পক্ষ থেকে গ্রাম রক্ষাবেষ্টনী গড়ে তোলা না হলে আসন্ন বর্ষা মৌসুমেই গৃহহীন হয়ে পড়বে অধিকাংশ পরিবার।
তাই বর্ষা মৌসুমের আগে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে এ অঞ্চলের মানুষের জানমাল রক্ষায় সরকার উদ্যোগী হবে, এটাই আমাদের আশা।
টিটু খান, বরিশাল।