বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। দেশের ঐতিহ্যের অন্যতম একটি অংশ হচ্ছে নদী। এ দেশে নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে অসংখ্য কর্মসংস্থান। নদীমাতৃক এলাকার ফসল, খেত, খামার সব নদীর ওপর নির্ভর করে। এ ছাড়াও নদীপথে অনেক পণ্য পরিবহন হয়, প্রচুর মানুষও নদীপথে যাতায়াত করে। তা ছাড়া নদী থেকে যে মাছ আহরণ করা হয়, তা দিয়ে শুধু দেশের মানুষের অভাব মেটে না, প্রচুর বৈদেশিক মুদ্রাও অর্জিত হয়।
দেশের মানুষের জন্য নদী এত মূল্যবান হওয়া সত্ত্বেও এই নদীগুলো আজ হুমকির মুখে। আমাদের অসচেতনতা ও লোভের কারণে নদীগুলো আজ ভরাট হয়ে যাচ্ছে। কলকারখানার সব আবর্জনা ফেলা হয় নদীতে। নদী ভরাটের মূল কারণ হচ্ছে অপরিকল্পিত নগরায়ণ। শহরের সব আবর্জনা ফেলা হয় নদীতে, যার ফলে একদিকে নদী ভরাট হচ্ছে, অন্যদিকে নদীর পানি দূষিত হওয়ার কারণে নদীগুলো বর্ষাকালে পর্যাপ্ত পরিমাণ পানি বহন করতে পারে না। ফলে একটু বেশি বৃষ্টি হলেই বন্যা হয়। নদী ভরাটের কারণে মানুষ এত সমস্যার সম্মুখীন হওয়া সত্ত্বেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এ নিয়ে মাথাব্যথা নেই।
নদী ভরাট রোধে যথাযথ ব্যবস্থা নেওয়া না হলে আমাদের দেশের ঐতিহ্যবাহী নদীগুলো একসময় খালে পরিণত হবে।
তানহার আহমেদ চৌধুরী, সিলেট।