জনপ্রশাসনমন্ত্রীর গত ১৬ জুন, ২০১৬ তারিখে সংসদে দেওয়া তথ্যমতে, বিভিন্ন মন্ত্রণালয়, সরকারি অধিদপ্তর ও দপ্তরগুলোতে ৩ লাখ ২৮ হাজার ৩১১টি পদ শূন্য রয়েছে। ২০১৫ সালের ডিসেম্বর মাস পর্যন্ত সংগৃহীত তথ্য অনুযায়ী এই পরিসংখ্যান দেন তিনি। ২০১৬ সালের অক্টোবর মাসে এসে এ সংখ্যা আরও বাড়বে। এক প্রশ্নের জবাবে জনপ্রশাসনমন্ত্রী সংসদকে জানান, গত ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন মন্ত্রণালয় এবং অধিদপ্তর ও দপ্তরগুলোতে ১৩ লাখ ৮২ হাজার ৩৯৩ জন কর্মরত আছেন। কিন্তু এটাও পর্যাপ্ত নয়, ২০ শতাংশ ঘাটতি আছে। ফলে প্রশাসনের কাজ বিলম্বিত হচ্ছে। ২০ শতাংশ মানবসম্পদের অভাব নিয়ে এই প্রশাসন ভিশন ২০২১ পূরণ করতে পারবে না।
এদিকে পিএসসির বার্ষিক রিপোর্টে বলা হয়েছে, ৩৫তম বিসিএস এর নন-ক্যাডার ক্যাটাগরিতে লিখিত এবং মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ কমপক্ষে ৩ হাজার যোগ্য প্রার্থীকে নন-ক্যাডার নিয়োগ বিধিমালা-২০১০ অনুযায়ী সরকারি প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে চাকরিতে নিয়োগের সুপারিশ করা যাবে। প্রশাসনের এই লোকবলের অভাব পূরণের জন্য সরকারি কর্মকমিশন আন্তরিক।
সরকারি কর্মকমিশন মন্ত্রণালয়ে বারবার তাগাদা দেওয়ার পরেও তারা শূন্যপদের বিপরীতে চাহিদা দিচ্ছে না। অথচ বিপুলসংখ্যক বেকার এসব চাকরিতে নিয়োগ পাওয়ার যোগ্যতা প্রমাণ করেও বসে আছেন। এটা তাঁঁদের জন্য হতাশাজনক। আশা করি, প্রশাসন দ্রুত এ ব্যাপারে পদক্ষেপ নেবে।
মো. মোস্তাইন ইমতিয়াজ
ঢাকা বিশ্ববিদ্যালয়।