নর্দমা পরিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউমার্কেট থেকে গাবতলী-মিরপুর সড়কটি মহানগরের যান ও মানুষ চলাচলের জন্য অতীব গুরুত্বপূর্ণ। প্রতিদিন হাজার হাজার বাস, ট্রাক, প্রাইভেট কার, রিকশা, মোটরসাইকেল, সিএনজিচালিত অটোরিকশা চলাচল করায় সড়কটি সব সময় ব্যস্ত থাকে।
মাস দুয়েক থেকে এ পথে চলাচল করতে গিয়ে লক্ষ করছি, সামান্য বৃষ্টি হলেই শ্যামলী থেকে কল্যাণপুর পর্যন্ত রাস্তার পশ্চিমাংশে হাঁটুপানি জমে যায় এবং তা প্রায় সপ্তাহকাল ধরে ধীরে ধীরে শুকায়।
পার্শ্ববর্তী পাকা নর্দমাটি দীর্ঘদিন পরিষ্কার না করায় সেটি মাটি জমে ভরাট হয়ে গেছে, ফলে এটাই যে এই ভোগান্তির কারণ, তা আর বুঝতে কষ্ট হয় না। এ জন্য মানুষ ও রিকশা চলাচলে অসুবিধা ছাড়াও সড়কটি যে ক্ষতিগ্রস্ত হচ্ছে, তার দায়ভার নেবে কে?
সংবাদপত্রে প্রকাশিত খবর পড়ে জানতে পারি, নালা-নর্দমা পরিষ্কার খাতে ওয়াসা কোটি কোটি টাকা ব্যয় করছে। আলোচ্য নর্দমাটি পরিষ্কারের জন্য কোনো টাকা বরাদ্দ আছে কি না, তা আমাদের জানা নেই।
এ ব্যাপারে ওয়াসার এমডি বরাবর আবেদন করেও কোনো ফল হয়নি। আমরা জানতে চাই, কী পদক্ষেপ নিলে সংশ্লিষ্ট নর্দমাটি পরিষ্কার করা হবে।

আবদুল মতিন

আদাবর, ঢাকা।