নাইট ও কিছু ফরাসি সম্মান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২২ আগস্ট ২০১৪ বিভিন্ন খবরের কাগজে প্রতিভাবান শিল্পী শাহাবুদ্দিন আহমদকে ফ্রান্সের নাইট উপাধি প্রদানের খবর বেরিয়েছে। এ সম্মাননার জন্য ফরাসি সরকারকে ধন্যবাদ ও শিল্পীকে অভিনন্দন জানাই।
বিভিন্ন পত্রিকায় ফরাসি সরকারের সম্মাননা প্রসঙ্গে তথ্যের অপর্যাপ্ততা ও ভ্রান্তি আছে। সেসব সংশোধন করা সংগত মনে করছি। বাংলাদেশের বেশ কয়েকজন প্রথিতযশা মানুষ নাইটসহ ফরাসি সরকারের বিভিন্ন স্তরের সম্মাননা পেয়েছেন। তার কোনো পূর্ণ তালিকা নেই। কেউ তা তৈরি করলে ভালো হয়। কিছু তথ্য এখানে তুলে ধরছি।
ভাষাবিদ ড. মুহম্মদ শহীদুল্লাহকেই সম্ভবত ফরাসি সরকার এখানে প্রথম কোনো উপাধি দিয়ে সম্মানিত করে। তাঁকে সম্মানিত করা হয় ১৯৬৭ সালে, শেভালিয়ে দে জার এ দে লেৎর বা নাইট ইন দ্য অর্ডার অব আর্টস অ্যান্ড লেটারস উপাধিতে। পরে এখানে আরও কেউ কেউ ফরাসি সরকারের সম্মাননা পেয়েছেন।
১৯৭৬ সালে নাইট ইন দ্য অর্ডার অব একাডেমিক সম্মাননা পান অধ্যাপক মাহমুদ শাহ কোরেশী। কবি সৈয়দ আলী আহসান ও শামসুর রাহমানকে ১৯৯২ সালে ভূষিত করা হয় আরও সম্মানজনক অফিসিয়ে দে জার এ দে লেৎর উপাধিতে। এ সময়ে মাহমুদ শাহ কোরেশীকেও অফিসিয়ে দঁ লর্দর্ দে পাম আকাদেমিক এবং অফিসিয়ে দে জার এ দে লেৎর দেওয়া হয়। ২০০৬ সালে তিনি পান লেজিয়ঁ
দ্য অনর। নাট্যকার সাঈদ আহমদও ১৯৯৪ সালে অফিসিয়ে সম্মাননায় ভূষিত হয়েছিলেন।
ফরাসি সরকারের লেজিয়ঁ দ্য অনরে বাংলাদেশে প্রথম সম্মানিত হন ড. মুহাম্মদ ইউনূস। তাঁকে এ সম্মাননা দেওয়া হয় ২০০৪ সালে।
এঁদের বাইরেও বাংলাদেশের আরও কিছু কৃতী ব্যক্তি ফরাসি সরকারের নানা সম্মাননা পেয়েছেন। তাঁদের মধ্যে আছেন চট্টগ্রামে ফরাসি সরকারের অনারারি কনসাল রসুল নিজাম, ব্যাংকার জে সি গুপ্ত, ঢাকা আলিয়ঁস ফ্রঁসেজের সাবেক সভাপতি মনিরুজ্জামান মিঞা, মূকাভিনেতা পার্থপ্রতিম মজুমদার প্রমুখ।
সরদার আব্দুস সাত্তার
অঁদ্রে মালরো ইনস্টিটিউট অব কালচার
কলাবাগান, ঢাকা