নাগরিকের প্রত্যাশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সর্বশেষ কবে ঢাকা সিটি করপোরেশন নির্বাচন হয়েছিল, তা আজ স্মরণ করাও দুঃসাধ্য। তবে এই নির্বাচনের সঙ্গে আগের নির্বাচনের মধ্যে ১০ বছরের বেশি সময় অতিবাহিত হয়ে গেছে, তা নিশ্চিত।
এ সময় ঢাকা সিটি করপোরেশনকে দুই ভাগে ভাগ করা হয়। নির্বাচিত মেয়রকে হটিয়ে প্রশাসকও নিয়োগ দেওয়া হয়। এত ডামাডোলের মধ্যে নগরের মূল কাজটাই অবহেলিত হয়ে পড়ে—নগরের রক্ষণাবেক্ষণ। সরকার বড় বড় প্রকল্প নিয়ে মহাব্যস্ত, কিন্তু ছোট কাজে কারও নজর নেই।
এতে ঢাকা নগরের অধিকাংশ অলিগলির অবস্থা তথৈবচ। বর্ষা আসি আসি করছে, ফলে আমরা শঙ্কিত। একটু বৃষ্টি হলেই ভাঙাচোরা সড়কগুলো চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। জলাবদ্ধতার সমস্যা তো আছেই। রাস্তা ভাঙাচোরা হওয়ায় গরমের দিনেও যেমন ধুলাবালিতে অতিষ্ঠ, তেমনি বর্ষার সময়ও কাদা পানিতে নাকাল হচ্ছি।
নাগরিক সেবা বলতে কিছু যে আছে, সেটাই মনে হয় আমরা ভুলে গেছি। ফলে আমাদেরও কোনো কিছু আর গায়ে লাগে না। সবকিছু গা সওয়া হয়ে গেছে। এদিক থেকে সরকার সফল হয়েছে বলতেই হবে। নগর রক্ষণাবেক্ষণ ও উন্নয়নের নামে বরাদ্দ করা টাকা নয়ছয় করলেও জনরোষের সম্ভাবনা নেই (তবে কিছু বড় প্রকল্প হচ্ছে এবং হয়েছে)।
আসন্ন সিটি নির্বাচনে আমরা শুধু একজনকে ক্ষমতায় বসাতে চাই না। নাগরিক সেবা ও সর্বোপরি নগর ব্যবস্থাপনায় আমাদের নতুন নগরপিতা মনোযোগ দেবেন, সে প্রত্যাশাই করি। অন্যদিকে শহরের বর্তমান ব্যবস্থাপনা ব্যবসা-বাণিজ্যের জন্যও অনুকূল নয়, এটা নিশ্চয়ই আমাদের ব্যবসায়ীরা বোঝেন। ফলে তঁারাও এ ক্ষেত্রে প্রেশার গ্রুপ হিসেবে কাজ করতে পারেন।
মোদ্দা কথা, এ শহরের অধিকাংশ মানুষই রুটি–রুজির সন্ধানে এসেছেন। এখানে মনোরম পরিবেশ বজায় থাকুক, সেটাই কাম্য।
বিশ্বজিৎ দেবনাথ
মহানগর আবাসিক এলাকা, ঢাকা।