নানা ফির বিড়ম্বনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমাদের দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অধিকাংশ শিশুর অভিভাবক শ্রমিক। যাঁদের নুন আনতে পানতা ফুরায়। তার পরও তাঁদের প্রচেষ্টা শিশুরা যেন অন্তত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষাস্তর সম্পন্ন করে সমাজে কাজ করে টিকে থাকতে পারে। গরিব শিশুরা সরকারের কাছ থেকে শুধু বিনা মূল্যে বই পায়। কিছু টাকা হলেও বেঁচে যায়। আর সারা বছর বিভিন্ন চাহিদা পূরণ করতে হিমশিম খান তাঁরা। প্রতি বার্ষিক পরীক্ষায় দ্বিগুণ পরীক্ষার ফি ছাড়াও ভর্তি ফি, বুয়ার ফি, খেলার চাঁদা, মিলাদের চাঁদা, কোচিং ফি, ছাড়পত্র ফি, রেজাল্ট কার্ড ফি, প্রত্যয়নপত্র ফি ইত্যাদি দিয়ে টানাটানির সংসারে লেখাপড়া ছেড়ে দিতে বাধ্য হয়। তখন মনে হয় লেখাপড়া গরিবের জন্য নয়।
অভিভাবকেরা বাড়তি ফি দিতে অপারগ হলেও সন্তানের জন্য আপ্রাণ চেষ্টা করছেন। সরকারের কোনো পদক্ষেপ সফল হবে না যত দিন পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানের কর্তৃপক্ষ সৎ ও পরিশ্রমী না হবে। শিক্ষক মানুষ গড়ার কারিগর বলে মনে রাখতে হবে শিক্ষককে সব মানায় না। শিশুদের কাছ থেকে বিভিন্ন খরচ বাবদ আদায়কৃত টাকায় চা খাওয়ার সময় মনে করতে হবে, এই টাকায় কত পরিশ্রমী মানুষের ঘাম ঝরানো কষ্ট জড়িয়ে আছে।
আমাদের দেশে সরকারি প্রাইমারি স্কুলে সরকার থেকে খরচ বাবদ টাকা দেওয়ার কারণে সমাপনী পরীক্ষা পাসের পর প্রত্যয়নপত্র বা প্রশংসাপত্র বিনা মূল্যে দেওয়ার কথা। কিন্তু অধিকাংশ স্কুলে যে যা পারে নির্ধারণ করে নিয়ে থাকে। অথচ প্রধান শিক্ষক ইচ্ছে করলেই এই প্রশংসাপত্র শিশুদের হাতে বিনা মূল্যে দিয়ে দিতে পারেন।
প্রধান শিক্ষক মনে করতে পারেন শিশুকে নতুন শ্রেণিতে ভর্তির জন্য এগিয়ে দিলেন এবং তার সাফল্যে নিজের একটু সম্পৃক্ততা আছে। প্রতিদিন মাঠে পতাকাতলে শিশুরা যে শপথ নেয়, তা শিক্ষকেরাও মনে রাখতে পারেন এবং জাতীয় সংগীতের সুরে সুরে মনে করতে পারেন নিজেকে একজন গর্বিত শিক্ষক বলে।
সুলতানা জামান
গাজীপুর।