ভূমি অফিসগুলোয় বাধ্যতামূলক নামজারির নামে ঘুষ-বাণিজ্যের উৎসব চলছে। ২০০৪ সালে বাধ্যতামূলক নামজারি প্রথা চালু হওয়ার পর থেকে ভূমি অফিসগুলোতে অর্থ লুটপাটের মচ্ছব শুরু হয়েছে। পত্রলেখক নিজেও একজন ভুক্তভোগী, নগদ টাকার প্রয়োজনে নিজের জমিটি বিক্রির জন্য নামজারি করতে গেলে ভূমি অফিসের এক অসাধু কর্মকর্তা ২০ হাজার টাকা দাবি করে বসেন। নানা হয়রানি শেষে ভূমি অফিসকে সন্তুষ্ট করে একসময় নামজারি করতে পারলাম।
সাবেক আইনমন্ত্রী মওদুদ আহমদ বাধ্যতামূলক নামজারি আইনটি চালু করে ভূমি অফিসগুলোকে দুর্নীতি করার সুযোগ করে দিয়ে গেছেন।
কিন্তু এর বিরুদ্ধে অভিযোগ করেও প্রতিকার পাওয়া যায় না। সরকার আইন করে দেশ ও জনগণের স্বার্থে। ভূমির মালিকেরা জানেন, খাজনা দেওয়ার সুবিধার্থে নামজারি করা হয়। বিভিন্ন ভূমি আইন ও বিধিবিধানে এ কথা বলা হয়েছে। হস্তান্তর আইনটি চালুর সময় সুপ্রিম কোর্টের স্বনামধন্য এক আইনজীবী পত্রিকায় এক নিবন্ধ লিখে নামজারি ও খতিয়ান-ব্যবস্থাকে ত্রুটিপূর্ণ ও বাস্তবতাবিবর্জিত হিসেবে উল্লেখ করেছিলেন। ভূমির মালিকেরা একটি নির্দিষ্ট দাগের ভূমি ভোগদখল করেন।
অথচ এই ত্রুটিপূর্ণ নামজারি খতিয়ান তৈরি করতে ভূমির মালিকদের একদিকে যেমন বিপুল পরিমাণ অর্থ খরচ করতে হচ্ছে, অন্যদিকে কাগজে কাগজে বিরোধ সৃষ্টি করে ভূমির মালিকদের মামলা-মোকদ্দমায় জড়িয়ে দেওয়া হচ্ছে।
ফলে এ বিষয়টি নিয়ে সরকারের নতুন করে চিন্তা করার সময় এসেছে।
আবদুর রহিম চৌধুরী
চট্টগ্রাম।