নামজারি বন্ধ কেন?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানী ঢাকার বাড্ডা থানার ‘বাড্ডা’ ও ‘সুতিভোলা’ মৌজায় জমির নামজারি কার্যক্রম ২০১৩ সালের অক্টোবর মাস থেকে বন্ধ আছে। সংশ্লিষ্ট ভূমি অফিস ও এসি ল্যান্ড অফিসে যোগাযোগ করা হলে এ বিষয়ে তারা সরকারের কোনো লিখিত আদেশ দেখাতে পারেনি। তবে এলএ কেস নং-১৩৮-এর বরাত দিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নামজারি বন্ধ রাখার জন্য মৌখিকভাবে নির্দেশ দিয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।
খোঁজ নিয়ে জানা গেল, ১৯৬২ সালে তৎকালীন ডিআইটির জন্য ওই এলাকায় জমি অধিগ্রহণের একটি আদেশ জারি হয়। কিন্তু দীর্ঘদিন ধরে ওই জমি অধিগ্রহণ করা সম্ভব হয়নি বিধায় এরশাদ সরকারের আমলে এগুলো অবমুক্ত ঘোষণা করা হয়। পরবর্তী সময়ে অবমুক্তির বিজ্ঞপ্তি পত্রিকার মাধ্যমে জনসমক্ষে প্রচার করা হয়।
এরপর স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির বিপুল জনসাধারণ এখানে বসতি স্থাপন শুরু করে। সরকারের সেটেলমেন্ট মানের সর্বশেষ মহানগর জরিপেও বসবাসরত মালিকদের নামে জমি রেকর্ডভুক্ত হয় এবং সংশ্লিষ্ট এসি ল্যান্ড অফিস কর্তৃক ক্রেতাদের নামে জমির নামজারি অব্যাহত থাকে।
এমতাবস্থায় দীর্ঘ ৫০ বছর পর একটি মীমাংসিত বিষয়কে অহেতুক প্রশ্নবিদ্ধ করার মাধ্যমে মৌখিক নির্দেশে দেড় বছর ধরে নামজারি বন্ধ রাখার বিষয়টি আইনসম্মত নয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
আনোয়ার হোসেন, উত্তর বাড্ডা, ঢাকা।