নারায়ণগঞ্জের তোলারাম কলেজের ছাত্র ছিলাম। এই কলেজের অধ্যাপক জিয়া হায়দারের নির্দেশনায় রবীন্দ্রনাথের শেষরক্ষা ও কল্যাণ মিত্রের পাথরবাড়ী নাটক দিয়ে মঞ্চনাটকে আমার হাতেখড়ি। তাই নারায়ণগঞ্জের প্রতি আমার দুর্বলতা আছে।
নারায়ণগঞ্জের গত কয়েক বছরের কিছু মর্মান্তিক ঘটনা আমাকে ভীষণভাবে আলোড়িত করেছে। মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকীকে নির্মমভাবে খুন করা হয়। অথচ আজও এই খুনের কূল–কিনারা হলো না। উপরন্তু সাংসদ শামীম ওসমান এক অনুষ্ঠানে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে সন্তানের খুনের বিচারপ্রার্থী সংস্কৃতিকর্মী রফিউর রাব্বীকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন, যে অনুষ্ঠানে হেফাজতে ইসলাম, জাতীয় পার্টি ও ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।
লোমহর্ষক ও পৈশাচিক সাত খুনের মামলায় অভিযুক্ত ব্যক্তিদের ফাঁসি ও বিভিন্ন মেয়াদে কারাবাসের রায় দেওয়া হয়েছে। কোটি কোটি টাকার বিনিময়ে এই নারকীয় হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে জানা যায়। সেই টাকা এখন কোথায়? খুনিরা যে টাকা নিয়েছিল, তা অনতিবিলম্বে উদ্ধার করে নিহত ব্যক্তিদের পরিবারগুলোকে ক্ষতিপূরণ দেওয়া কি সরকারের কর্তব্য নয়?
নারায়ণগঞ্জে স্কুলশিক্ষক শ্যামল কান্তি ভক্তকে স্থানীয় এমপি সেলিম ওসমানের নির্দেশেই লাঞ্ছনা করা হয়েছে বলে বিচার বিভাগীয় তদন্তে উঠে এসেছে। এরপর আমরা দেখলাম, ২০১৪ সালে এক শিক্ষককে এমপিওভুক্ত করার আশ্বাস দিয়ে ঘুষ নেওয়ার মামলায় শিক্ষক শ্যামল কান্তি ভক্তের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল হয়েছে।
এসব ঘটনায় আমরা হতবাক, হতভম্ব—নারায়ণগঞ্জে হচ্ছেটা কী?
তবিবুল ইসলাম বাবু,নাট্যব্যক্তিত্ব ও সমাজকর্মী।