নারী নির্যাতন নামক অপরাধ যেন সর্বজনীনতা লাভ করেছে! এ কথা শুনে অনেকে হয়তো কপাল কুঁচকে গালমন্দ করবেন, উন্নয়ন চোখে পড়ে না? আমরা উন্নত হয়েছি বটে, কিন্তু এখন শুধু কৃষকেরা তার অশিক্ষিত বউকে মারে না, শিক্ষিত মানুষেরাও মারে, আর তাদের স্ত্রীরাও উচ্চশিক্ষিত বটে। তবে কি শিক্ষা এ ক্ষেত্রে নারীদের নির্যাতনের গ্রাস থেকে বাঁচার অস্ত্র নয়?
এই প্রশ্নের উত্তরে বলা যায়, শিক্ষিত হও, তবে তা যেন আত্মশিক্ষার পর্যায়ে পড়ে। পরিসংখ্যান লক্ষ করলে দেখা যাবে, বিগত কয়েক বছরে নারী নির্যাতনের হার অনেকটাই বেড়ে গেছে। যেখানে দেশ উন্নতির দিকে দ্রুতবেগে এগিয়ে চলেছে, সেখানে নারী নির্যাতন নামক বর্বরতা যেন দেশকে অনেকটাই পিছিয়ে দিয়েছে।
বর্তমান সময়ে পয়লা বৈশাখে টিএসসির ঘটনা, বেশ কয়েক জায়গায় ধর্ষণের ঘটনা আমাদের মনে ভয় জাগিয়ে তুলেছে। বর্তমানে অনেক মেয়েই একা চলাফেরা করতে আতঙ্ক বোধ করে।
অনেক অভিভাবকও মেয়েদের একা চলাফেরা করতে দিতে চান না, নারীদের স্বাধীনতায় তা বাধাস্বরূপ। তবে আক্ষেপ করে বলতেই হয়—কে নেবে নারীদের নিরাপত্তার দায়?
প্রিয়াংকা রায়
শিক্ষার্থী, শাবিপ্রবি।