দেশজুড়ে পৌরসভা নির্বাচনের আমেজ। নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ করা নির্বাচন কমিশনেরই দায়িত্ব। এ দায়িত্ব তারা সঠিকভাবেই পালন করেছে। কিন্তু কথা উঠেছে প্রার্থীদের বরাদ্দ করা প্রতীক নিয়ে।
নির্বাচনে সংরক্ষিত আসনের নারী কাউন্সিলর প্রার্থীদের জন্য প্রতীক বরাদ্দ করার পর থেকেই এ নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টির নারীনেত্রীরা প্রতীকগুলোকে শুধু বৈষম্যমূলক নয়, অসম্মানজনক বলেও মত প্রকাশ করেছেন।
এবার সংরক্ষিত ওয়ার্ডের নারী প্রার্থীদের জন্য ১০টি প্রতীক বরাদ্দ করা হয়েছে। এগুলো হলো গ্যাসের চুলা, চকলেট, চুড়ি, পুতুল, ফ্রক, ভ্যানিটি ব্যাগ, আঙুর, কাঁচি, মৌমাছি ও হারমোনিয়াম। ইতিমধ্যেই বিভিন্ন মহল থেকে বলা হয়েছে যে এসব প্রতীক নারীর প্রতি নির্বাচন কমিশনের সনাতন, বৈষম্যমূলক ও সংকীর্ণ মনোভাবের পরিচায়ক। যদিও এর আগে সিটি করপোরেশন নির্বাচনে ইসি একই কারণে তীব্র সমালোচনার মুখে পড়েছিল। কমিশন তখন বলেছিল, ভবিষ্যতে এ ধরনের প্রতীক যাতে না থাকে,
সে বিষয়ে তারা সতর্ক থাকবে। কিন্তু আমরা অবাক হয়ে দেখলাম, সতর্কতা থাকার বদলে চরম উদাসীনতার পরিচয় দিয়েছে নির্বাচন কমিশন।
এ দেশে প্রতিনিয়ত নারীরা যোগ্যতার প্রমাণ দিচ্ছেন, দেশের উন্নয়ন এবং অগ্রগতিতে অবদান রাখছেন। জাতীয় জীবনে নারীর
এই অগ্রগতি যখন বিশেষভাবে দৃশ্যমান, তখন নির্বাচন কমিশনের এ ধরনের বৈষম্যমূলক প্রতীক বরাদ্দ সুবিবেচনা হতে পারে না। এ ধরনের প্রতীক এখনই বদলানো না হলে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে একই ধরনের পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না।
যদিও নির্বাচন কমিশন বলছে, নারীদের অসম্মান করার জন্য এসব প্রতীক দেওয়া হয়নি। ভবিষ্যতে এগুলো পরিবর্তনের কথা বিবেচনা করা হবে। সংগত কারণেই এ কথায় আস্থা রাখতে পারবেন না অনেকেই। এই আস্থা নির্বাচন কমিশনকে তাদের স্বার্থেই ফিরিয়ে আনতে হবে।
মো. রেদোয়ান হোসেন
টাঙ্গাইল।