এ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিনস অ্যাওয়ার্ড পেয়েছেন ৫৪ জন কৃতি শিক্ষার্থী। অত্যন্ত আশ্চর্যজনক এবং মজার ব্যাপার হলো, এই ৫৪ জনের মধ্যে ৪০ জনই ছাত্রী। এ তথ্যই প্রমাণ করে, উচ্চশিক্ষায় মেয়েদের অগ্রগতি চোখে পড়ার মতো। কিন্তু চাকরিতে মেয়েদের অংশগ্রহণ হতাশাব্যঞ্জক। নারীর পশ্চাৎপদতার প্রতিকার হিসেবে নারী কোটার প্রচলন করা হয়েছে।
আমরা জানি, প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম। তাই নারীর পিছিয়ে পড়াকে প্রতিরোধ করতে হলে কেন সে পিছিয়ে আছে, তা খুঁজে বের করা এবং বাস্তবসম্মত সমাধান নিশ্চিত করা দরকার। আমাদের পুরুষ–শাসিত সমাজের অধিকাংশ লোক খুব গর্ব করে বলেন, ‘আমি আমার মেয়ে অথবা বউকে দিয়ে চাকরি করাব না।’ অর্থাৎ মেয়েটি চাকরি করবে কী করবে না, সেটা ঠিক করেন অভিভাবক।
এ ক্ষেত্রে তার ইচ্ছা, শিক্ষা, যোগ্যতা কোনোটাই প্রাধান্য পাচ্ছে না। আবার অনেক পরিবার আছে, যারা মেয়েকে উচ্চশিক্ষিত
করে শুধু একজন ভালো পাত্রের হাতে তুলে দেওয়ার জন্য।
প্রকৃতপক্ষে কোটাসুবিধা নয়, সমাজের মানুষের ইতিবাচক দৃষ্টিভঙ্গিই নারীর উন্নয়নে ভূমিকা রাখতে সক্ষম। নারী-পুরুষ একে অন্যের পরিপূরক, কেউ কারও চেয়ে কম বা বেশি গুরুত্বপূর্ণ নয়। প্রত্যেক অভিভাবকের উচিত তার সন্তানের নিজস্ব পরিচয় সৃষ্টিতে সহযোগিতা করা। ইভটিজার, ধর্ষক নামক বিকৃত মানসিকতার লোকগুলোর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা জরুরি। এ ছাড়া নৈতিক ও সামাজিক শিক্ষার প্রতি গুরুত্ব আরোপ করা দরকার ।
নূরজাহান তন্বী
শিক্ষার্থী, শাবিপ্রবি।