জাতীয় পরিচয়পত্রেও নারী–পুরুষে ভেদাভেদ করা হচ্ছে।পুরুষের আইডি কার্ডে স্ত্রীর নাম নেই অথচ নারীর আইডি কার্ডে স্বামীর নাম আছে। ফলে বিবাহবিচ্ছেদের পর নারী এই আইডি কার্ড নিয়ে সমস্যায় পড়ে যান।
সন্তানসহ স্ত্রীকে ফেলে চলে যাওয়া পুরুষের কাহিনি অনেক আগে থেকেই শোনা যায়। সন্তানের মুখ চেয়ে, সন্তানের কথা ভেবে হাজারো অপমান–নির্যাতন মুখ বুজে মেনে নেওয়ার মতো নারী এ দেশে ভূরি ভূরি দেখা যেত। কিন্তু বর্তমান সমাজব্যবস্থায় নারীর চিন্তা–চেতনায় পরিবর্তন এসেছে। তঁারা এখন আর মুখ বুজে এসব সহ্য করছেন না।
অনেকেই পুনরায় বিয়ে করছেন। তখন আইডি কার্ডে স্বামীর নাম সংশোধন করতে গিয়ে নারীকে নানা ধরনের প্রশ্ন, হয়রানি ও আর্থিক দণ্ডের সম্মুখীন হতে হয়। কেউ কেউ এত ঝুটঝামেলার ভয়ে স্বামীর নাম সংশোধন করতে চান না। ফলে যে শিশুটি তার মা-বাবার সম্পর্কের অবনতির জন্য দায়ী নয়, সে পরিচয়–সংকটে ভুগতে থাকে।
সংবিধান নারী-পুরুষকে সমানাধিকার প্রদান করেছে। কিন্তু আমরা কি সর্বক্ষেত্রে এর বাস্তবায়ন দেখছি?
শাকিলা নাছরিন
ঢাকা।