আমাদের দেশের সামগ্রিক অগ্রগতিতে নারীর অবদান কোনো অংশেই খাটো করে দেখার অবকাশ নেই। বরং কোনো কোনো ক্ষেত্রে তাদের অবদান ঈর্ষণীয়।
অনেক নারী আছেন যাঁরা সংসারে ও কর্মক্ষেত্রে সমানতালে কাজ করে যাচ্ছেন। এ দেশের তৈরি পোশাক শিল্পে নারীদের একচেটিয়া অবদান আছে। এত কিছুর পরও এ দেশের নারীরা অনেক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত ও অবহেলিত এবং সেটা নিজের ঘর থেকে শুরু করে বাইরের জগৎ পর্যন্ত।
নারীরা বিভিন্ন ঝুঁকিপূর্ণ কাজে জড়িত থাকলেও তাদের কোনো প্রকার বিমা পলিসি করা থাকে না। এ বিষয়ক সচেতনতা নেই বললেই চলে। কিন্তু এটা কখনোই গ্রহণযোগ্য বা কাম্য নয়। সম্প্রতি একটি বিমা প্রতিষ্ঠান নারীদের জন্য বিশেষ পলিসি চালু করেছে।
১৮ থেকে ৬৫ বছর বয়সী যেকোনো নারী এটা নিতে পারবেন। এটা অবশ্যই সাধুবাদ পাওয়ার যোগ্য। অন্য বিমা কোম্পানিগুলোকেও এ কাজে অগ্রণী হতে হবে। বিভিন্ন পর্যায়ের নারীদের জন্য বিভিন্ন বিমা পলিসি তৈরি করতে হবে, যাতে সব নারী বিমার আওতায় আসতে পারেন। নারীর জীবন সুরক্ষিত করতে বিমা কার্যকর ভূমিকা পালন করতে পারে।
মো. আরিফুর রহমান
সাধারণ বীমা কর্পোরেশন।