নারীর ভোগান্তি নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরুষের মতো নারীকেও প্রতিনিয়ত বাসা থেকে বের হতে হয়। পুরুষের সঙ্গে অফিস, গাড়ি, ক্লাস থেকে শুরু করে প্রায় সব জায়গায় একসঙ্গে কাজ ও চলাচল করতে হয়। এই চলাফেরা করতে গিয়ে নারীদের পদে পদে সমস্যার মুখোমুখি হতে হয়, ভোগান্তির শিকার হতে হয়। ইভ টিজিং ও তিরস্কার সইতে হয়।
নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে কঠোর আইন থাকা সত্ত্বেও তা থামছে না। সামাজিক-অর্থনৈতিক সূচকে বাংলাদেশের বিস্ময়কর সাফল্যের পেছনে নারীর বিরাট ভূমিকা রয়েছে। অর্থনৈতিক কর্মকাণ্ডে নারীর অংশগ্রহণ বাড়ছে। শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টির ক্ষেত্রে নারীর অবস্থার উন্নতি হচ্ছে। লিঙ্গসমতা সূচকে এ দেশের নারীদের অবস্থান এখন পার্শ্ববর্তী ভারত, পাকিস্তান ও আফগানিস্তানের নারীদের তুলনায় উন্নত হয়েছে। শিক্ষার সকল পর্যায়েই দেখা যাচ্ছে, নারীরা পুরুষের চেয়ে ভালো করছেন।
কিন্তু অধিকারের সম্পূর্ণ সমতা আসেনি। চাকরির ক্ষেত্রে নারী সমান সুযোগ থেকে বঞ্চিত। নিম্ন আয়ের শ্রমজীবীদের মধ্যে নারীরা পুরুষের চেয়ে কম মজুরি পান। জাতীয় রাজনীতিতেও নারীর সক্রিয় অংশগ্রহণ বাড়েনি, নীতিনির্ধারণ প্রক্রিয়ায় নারীর গুরুত্বও বাড়ছে না। যদিও বাংলাদেশের প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতা, স্পিকার, অন্যতম রাজনৈতিক দল বিএনপির প্রধান—সবাই নারী।
নারীর সম-অধিকারের প্রশ্নটি কেবল নারীসমাজের অগ্রগতির সঙ্গে সম্পর্কিত নয়। বস্তুত এতে রয়েছে নারী-পুরুষের মিলিত বিশ্বে সর্বজনীন প্রগতির প্রতিশ্রুতি। আমাদের সমাজে নারী-পুরুষ সমতা অর্জনের পথে পশ্চাৎমুখী দৃষ্টিভঙ্গি বিরাট বাধা। শিক্ষায় নারীর আরও অগ্রগতির সঙ্গে সঙ্গে পরিবার থেকে শুরু করে রাষ্ট্র ও সমাজের সব ক্ষেত্রেই আমাদের সার্বিক দৃষ্টিভঙ্গিতে অবশ্যই পরিবর্তন আসবে বলে আমাদের বিশ্বাস।
রকিবুল হক, চট্টগ্রাম।