ঢাকার ফার্মগেটে একটি বেসরকারি হোস্টেলের রুমে আমিসহ আরও দুজন থাকি। ১৮ সেপ্টেম্বর সকাল ১০টার দিকে আমার রুম থেকে তিনটি মোবাইল এবং দুই হাজার টাকা চুরি হয়ে যায়। ওই সময় আমরা কেউ ছিলাম না। হোস্টেলের কর্মীদের সঙ্গে এ বিষয়ে কথা বললে কোনো তথ্য দিতে পারেন না। তাঁদের একজন বলেন, অচেনা এক মেয়েকে নাকি আমাদের রুমের পাশে দেখেছেন। এখন প্রশ্ন হচ্ছে, একজন অচেনা মেয়েকে দেখেও কেন তাঁর পরিচয় জানতে চাওয়া হয়নি?
তাহলে কি এসব অবহেলা আর উদাসীনতার ফল? ভবনের দারোয়ান ও কর্মকর্তাদের সঙ্গে কথা বললেও তাঁরা কিছু বলতে পারেননি। এক মাস আগে আমাদের আরেকটি ফ্লোর থেকে দুটি ল্যাপটপ এবং দুটি মোবাইল ফোন হারিয়েছিল। এসব বিষয়ে হোস্টেল মালিক কিংবা কর্তৃপক্ষের মাথাব্যথাই নেই। তারা এ বিষয়ে আমাদের সঙ্গে কথা পর্যন্ত বলেনি। অথচ আমাদের জানমালের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব তাদের।
আমরা পড়াশোনা কিংবা চাকরির তাগিদে এখানে থাকতে একরকম বাধ্য বলে তারা আমাদের দুর্বলতার সুযোগ নিচ্ছে। কারণ, তারা জানে, আমাদের থাকতেই হবে। অচিরেই এসব অব্যবস্থাপনার পরিসমাপ্তি চাই।
মাসুদা রুমা
শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়।