পবিত্র রমজানের পর মুসলমানদের বহু প্রতীক্ষিত ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। প্রতিবছর এই ঈদ উপলক্ষে বিপুলসংখ্যক মানুষ বাড়ি যায়। প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য ঝুঁকি নিয়ে বাসে, ট্রেনে, লঞ্চে করে যার যার গন্তব্যস্থলে পৌঁছায়। কিন্তু নানা কারণে মানুষের যাতায়াত সুখকর হয় না।
ঈদের সময় অনেক অসাধু পরিবহন ব্যবসায়ী ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় নামিয়ে দেয়। এগুলো রাস্তায় বিকল হয়ে পড়ে, ফলে সৃষ্টি হয় দীর্ঘ যানজট। আবার টিকিট কালোবাজারিদের দৌরাত্ম্যের কারণে যাত্রীদের ভোগান্তির শেষ নেই। লঞ্চ টার্মিনালগুলোতেও থাকে উপচে পড়া ভিড়। ফলে নানা রকমের দুর্ঘটনার আশঙ্কা সৃষ্টি হয়। ট্রেনের সময়সূচিতে ব্যাঘাত ঘটায় যাত্রীদের ভোগান্তি আরও বেড়ে যায়। সড়কের বিভিন্ন জায়গায় সংস্কারকাজ চলার কারণেও যাতায়াতে বিঘ্ন ঘটে। এবার রমজানের শুরুতেই দেশে প্রচুর বৃষ্টিপাতের ফলে অনেক রাস্তায় খানাখন্দ সৃষ্টি হয়েছে। এতে এবার মানুষের বাড়ি ফেরার ভোগান্তি আরও বাড়তে পারে। সরকারকে তাই এখনই প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
এস এম নাজমুস সায়াদাত
শিক্ষার্থী, শাবিপ্রবি, সিলেট।