
জ্ঞান-বিজ্ঞানের উৎকর্ষের যুগেও অনেক নারীকে মা হওয়ার সময় মৃত্যুবরণ করতে হচ্ছে। ২০১৩ সালে দেশে মাতৃমৃত্যুর হার ছিল প্রতি লাখ জীবিত জন্মে ১৭০। ২০১৫ সালের মধ্যে এ হার কমিয়ে ১৪৩–এ আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। ১৯৯০ সালে যার হার ছিল ৫৭৪ জন। আগামী ২০৩০ সালের মধ্যে বিশ্বব্যাপী যার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৭০ জন। ২০১৪ সালের তথ্যানুযায়ী, দেশে ১৩২টি উপজেলায় জরুরি প্রসূতিসেবার (ইওসি) অবকাঠামো আছে। এর মধ্যে চালু ছিল ১০১টি।
কিন্তু সংশ্লিষ্ট বিভাগের এ তথ্যের অনেকটাই কাগুজে পরিসংখ্যান। মাতৃমৃত্যুর প্রত্যক্ষ কারণ কমলেও গত ১০ বছরে পরোক্ষ কারণে মৃত্যুর হার বেড়েছে ৪৯ শতাংশ। প্রতিদিন গড়ে ২১ জন মায়ের মৃত্যু হচ্ছে।
বাংলাদেশে গর্ভধারণের ৪২ দিন পর্যন্ত দুর্ঘটনা ছাড়া মায়ের মৃত্যুকে মাতৃমৃত্যু বলা হয়। মৃত্যুর পরোক্ষ কারণগুলোর মধ্যে রয়েছে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদ্রোগ, ক্যানসার, স্থূলতা, যক্ষ্মা, রক্তস্বল্পতা, হেপাটাইটিস-বি, বেশি বয়সে প্রথম সন্তান ও বেশি সন্তান নেওয়া, এইচআইভি/এইডস, ম্যালেরিয়া ইত্যাদি।
এ যুগে মাতৃমৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তাই মাতৃমৃত্যু শূন্যে নামিয়ে আনাই হোক আন্তর্জাতিক নিরাপদ মাতৃত্ব দিবসের অঙ্গীকার।
সুমিত বণিক
উন্নয়নকর্মী, ধরমপাশা, সুনামগঞ্জ।