নিরাপদ সড়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৩ সালের ঘটনা। পঞ্চম শ্রেণিতে পড়ত ছেলেটি। তার ইচ্ছা ছিল, সবার মতো সমাপনী পরীক্ষায় অংশ নেবে। এই নিয়ে তার ব্যস্ততার কমতি ছিল ছিল না। একটি দীর্ঘ বন্ধের পর যখন বিদ্যালয়ে আসলাম, শুনলাম ছেলেটি আর পৃথিবীতে নেই। সড়ক দুর্ঘটনায় অকালে মৃত্যুবরণ করতে হয়েছে তাকে। মাতাপিতা এখনো অশ্রু বিসর্জন করে পুত্র হারানোর ব্যথায়। এ রকম অসংখ্য সম্ভাবনা হারিয়ে যায় সড়ক দুর্ঘটনায়। অনেক সময় তা জাতীয় দৈনিকে স্থান পায় না। 
চালকদের নায়কোচিত বেপরোয়াভাব, পথচারীদের অসতর্কতা, যেখানে–সেখানে স্পিডব্রেকার, যেখানে-সেখানে গর্ত কিংবা ভাঙা সড়ক দুর্ঘটনার প্রধান কারণ। আবার অনেক সময় অনিয়ন্ত্রিতভাবে লালন করা গবাদিপশু হঠাৎ করে যখন বিশ্বরোডের মাঝখানে এসে পড়ে, তখন দ্রতগতিতে আসা গাড়ি নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে। ঘটে দুর্ঘটনা। তারপর রয়েছে চালকদের প্রতিযোগিতামূলক আচরণ। কোনো কিছুর তোয়াক্কা না করে রাস্তায় অসহিষ্ণু চালকেরা প্রতিযোগিতায় মেতে ওঠেন দ্রুত গন্তব্যে পৌঁছার জন্য।
সড়ক দুর্ঘটনা রোধে প্রয়োজন দায়ী চালকদের বিরুদ্ধে শাস্তি নিশ্চিত করা। সেই সঙ্গে স্বল্প শাস্তির বিধান পরিবর্তন করে কঠোর শাস্তির বিধান করতে হবে। যেসব চালক অনিয়ন্ত্রিতভাবে গাড়ি চালান; তাঁদের লাইসেন্স বাতিল করতে হবে তাৎক্ষণিকভাবে। যেখানে ওভারব্রিজ আছে, সেখানে তা দিয়ে রাস্তা পারাপার করতে হবে যাত্রীদের। কেননা, সময়ের চেয়ে জীবনের দাম অনেক বেশি। যেকোনো রাস্তার বেহাল হওয়ার আগেই তা মেরামত করা প্রয়োজন। চালক কিংবা প্রতিষ্ঠানকে লাইসেন্স দেওয়ার ব্যাপারে যেকোনো দুর্নীতি অবসানে কঠোর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
সঞ্জয় কুমার ভৌমিক, শ্রীমঙ্গল।