নির্বাচন কমিশন গঠনের ব্যাপারে আমাদের সংবিধানের ১১৮ অনুচ্ছেদের ১ উপধারায় বলা হয়েছে, ‘প্রধান নির্বাচন কমিশনার এবং অনধিক চারজন নির্বাচন কমিশনারকে লইয়া বাংলাদেশের একটি নির্বাচন কমিশন থাকিবে এবং উক্ত বিষয়ে প্রণীত কোনো আইনের বিধানাবলী সাপেক্ষে রাষ্ট্রপতি প্রধান নির্বাচন কমিশনারকে ও অন্যান্য নির্বাচন কমিশনারকে নিয়োগদান করিবেন।’
কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলো, সংবিধান রচনার পর প্রায় ৪৪ বছর পার হয়েছে, অথচ নির্বাচন কমিশন গঠনের ব্যাপারে কোনো সুনির্দিষ্ট নীতিমালা বা আইন আজও প্রণয়ন করা যায়নি। ফলে প্রতি পাঁচ বছর পরপর নির্বাচন কমিশন গঠন ও নির্বাচন অনুষ্ঠান নিয়ে রাজনৈতিক মহলে বিতর্ক শুরু হয়।
নির্বাচন নিয়ে আন্দোলন, সংঘাত, সংঘর্ষ আমাদের জন্য অপমানজনক। দেশ, জাতি ও গণতন্ত্রের মঙ্গলের জন্য এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর নির্বাচনী ব্যবস্থা নিশ্চিত করতে হলে অবশ্যই একটি স্থায়ী সমাধান হিসেবে সংসদে আইন পাস করাতে হবে। নির্বাচন কমিশনসহ সব সাংবিধানিক প্রতিষ্ঠানে যাঁরা নিয়োগ পাবেন, তাঁদের অবশ্যই মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, দেশপ্রেমিক ও দায়িত্বশীল হতে হবে। কোনো দলীয় সমর্থক হলেও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, দেশপ্রেমিক ও দায়িত্বশীল ব্যক্তি অবশ্যই দলনিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে সক্ষম।
আমরা আশা করি, যাঁরা দেশ ও দেশের মানুষকে ভালোবাসেন, তাঁরা অবশ্যই সংঘাত, সংঘর্ষের পথ পরিহার করে বাস্তবসম্মত উপায়ে নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে স্থায়ী ব্যবস্থার বিষয়ে একমত হবেন।
বিপ্লব, ফরিদপুর।