গত বছর ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত জেলা পরিষদ নির্বাচনকে কাজী রকিবউদ্দীন আহমদের নেতৃত্বাধীন কমিশন যতই সুষ্ঠু ও শান্তিপূর্ণ দাবি করুক না কেন, সেই নির্বাচনে সংঘটিত নানা অপকর্মের রেশ এখনো চলছে। প্রথমবারের মতো অনুষ্ঠিত জেলা
পরিষদ নির্বাচনটি হয় পরোক্ষ ভোটে; স্থানীয় ইউপি, উপজেলা, পৌরসভা ও সিটি করপোরেশনের পদাধিকারীরাই ভোট দিয়ে জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্য নির্বাচিত করেছেন।
কিন্তু নির্বাচনটি কেমন হয়েছে এবং কী ধরনের প্রার্থী ও ভোটার ছিলেন, তার কিছু কিছু চিত্র গণমাধ্যমে ফুটে উঠেছে। এই নির্বাচনে অনেক জায়গায়ই প্রার্থী ও ভোটারের মধ্যে ভোট কেনাবেচা হয়েছে এবং সেই অর্থ ফেরত নেওয়া নিয়ে হাঙ্গামা-হামলার ঘটনাও ঘটেছে। পঞ্চগড়ে বিদ্রোহী প্রার্থীর টাকা ফেরত নেওয়া নিয়ে দুই ইউপি সদস্যের মধ্যে মারামারি হয়েছে। বগুড়ায়ও পরাজিত প্রার্থী ‘সম্মানী’ হিসেবে প্রদত্ত টাকা ফেরত নিয়েছেন।
এসব ঘটনা আমাদের রাজনৈতিক সংস্কৃতি ও জনপ্রতিনিধিদের নৈতিকতা মারাত্মকভাবে প্রশ্নবিদ্ধ করে। যাঁদের বিরুদ্ধে এই অনৈতিক আর্থিক লেনদেনের অভিযোগ এসেছে, তাঁরা কেউ সাধারণ ভোটার নন। উৎকোচ গ্রহণকারী ব্যক্তিরা যেমন কোনো না কোনো স্থানীয় সরকার সংস্থার নির্বাচিত প্রতিনিধি, তেমনি যাঁরা উৎকোচ দিয়েছেন তাঁরা হয় জনপ্রতিনিধি অথবা জনপ্রতিনিধি হতে ইচ্ছুক দলীয় নেতা। আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো দল এই নির্বাচনে অংশ না নেওয়ায় উৎকোচের পুরো দায়ও তাদের নিতে হবে। এ ব্যাপারে দলীয় পর্যায়ে কোনো ব্যবস্থা না নেওয়ার অর্থ হলো অনৈতিক কাজকে সমর্থন দেওয়া।
নির্বাচনী আইনে ভোটের বিনিময়ে উৎকোচ দেওয়া-নেওয়া শাস্তিযোগ্য অপরাধ। কিন্তু জেলা পরিষদ নির্বাচনে উৎকোচ আদান-প্রদানের বিষয়টি জানাজানি হওয়ার পরও নির্বাচন কমিশন নির্বিকার। অভিযোগ পাওয়া যায়নি—এই মুখস্থ কথা বলেই তারা দায়িত্ব শেষ করছে। নির্বাচন কমিশনের মতো একটি সাংবিধানিক প্রতিষ্ঠান কোনোভাবেই এটি করতে পারে না। আমরা আশা করব, দেরিতে হলেও তাদের বোধোদয় হবে এবং জেলা পরিষদ নির্বাচনে যাঁরাই উৎকোচ লেনদেন করেছেন, তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে। আর কমিশন সেটি করতে ব্যর্থ হলে তাদের পাপের বোঝা বাড়তেই থাকবে।