ফরমালিনের কারণে দেশে অনেকেই ফল খাওয়া প্রায় ছেড়েই দিয়েছে—এটি পুরোনো কথা। নতুন কথা হলো, এই ফরমালিনের সুদূরপ্রসারী প্রভাব পড়তে শুরু করেছে দেশের রপ্তানি বাণিজ্যেও।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সাম্প্রতিক তথ্য অনুযায়ী, জুলাই মাসে বাংলাদেশ থেকে ফল রপ্তানি হয়েছে মাত্র এক লাখ ৬০ হাজার ডলার। অথচ গত বছর জুলাই মাসে এই রপ্তানির পরিমাণ ছিল ১৯ লাখ ১০ হাজার ডলার। শুধু ফরমালিন আতঙ্কে ফল রপ্তানিতে এই নেতিবাচক অবস্থার সৃষ্টি হয়েছে। অথচ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নির্বিকার!
ফরমালিন-কার্বাইড আতঙ্কে জনগণ মাছ, সবজি, ফলসহ সব খাদ্য খাচ্ছে চরম আতঙ্ক নিয়ে। এত কথা, এত আলোচনার পরও ব্যবসায়ী বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো মাথাব্যথা নেই, নেই কোনো উদ্যোগ অথবা মনিটরিং!
একটি সফল ও উন্নত দেশের পূর্বশর্তই হলো সুস্থ-সবল-কর্মক্ষম জনগণ। অথচ তারাই আজ চরম সংকটে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়গুলো ভেবে দেখবে কি?
সাবিনা পারভীন, গোড়ান, ঢাকা।