আমরা একটা কিছু শুরু করলে আরেক দিকে যেন নজর দেওয়ার প্রয়োজনীয়তা বোধ করি না। মগবাজার উড়ালসড়ক নির্মাণের পরিপ্রেক্ষিতে এ কথাটা বড় বেশি সত্য হয়ে দেখা দিয়েছে নগরবাসীর জীবনে। নির্মাণকাজ শুরু হওয়ার পর থেকে মৌচাক, মালিবাগ এলাকায় চলাচল করাই দায় হয়ে উঠেছে।
দেখা যায়, নির্মাণকাজের জন্য রাস্তার একটি অংশ আলাদা করা হলেও পুরো রাস্তায় নির্মাণসামগ্রী ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। এই এলাকার রাস্তা এমনিতেই সরু, তার ওপর নির্মাণকাজের অংশ ছাড়া বাকি অংশটুকুর অবস্থাও খারাপ। ফলে এ সড়কে চলাচল
করা প্রায় অসম্ভব।
ওদিকে কারওয়ান বাজার রেলগেট এলাকায় উড়ালসড়কের বর্ধিতাংশের কাজ শুরু হওয়ায় সেখানেও একই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এমনিতেই ওই রাস্তার অবস্থা আগে থেকেই খারাপ ছিল, এখন নির্মাণকাজ শুরু হওয়ায় সেখানে অসহনীয় পরিস্থিতির সৃষ্টি হয়েছে। নির্মাণকাজের বাইরের অংশে ইট বিছানো হলেও তাতে কাজ হচ্ছে না। ফলে সেখানে সারা দিনই প্রচণ্ড যানজট লেগে থাকছে। রমজান মাস শুরু হওয়ার পর পরিস্থিতির আরও অবনতি হয়েছে।
কিন্তু এটা তো হওয়ার কথা নয়। নির্মাণকাজ চলাকালে রাস্তার বাকি অংশ সময়-সময় মেরামত করার কথা, এমনকি নির্মাণসামগ্রী ঢেকেও রাখার কথা, যাতে বায়ুদূষণ কম হয়। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের পশ্চিমবঙ্গেও এসব নিয়মনীতি
অনুসরণ করা হয়। কিন্তু আমাদের দেশে এসবের বালাই নেই!
এডওয়ার্ড গৌতম
ঢাকা।