যে জাতি যত বেশি শিক্ষিত, সে জাতি তত বেশি সমৃদ্ধ। শিক্ষার উদ্দেশ্য মনুষ্যত্বের বিকাশ, মানবমুক্তি ও উন্নয়ন। আর সেই শিক্ষা দেন শিক্ষকেরা। কবি কাদের নেওয়াজের ‘ওস্তাদের কদর’ কবিতা থেকে দুটি লাইন উদ্ধৃত করছি, ‘আজ হতে চির উন্নত হল শিক্ষাগুরুর শির,/ সত্যিই তুমি মহান উদার বাদশাহ্ আলমগীর’। এই লাইন দুটিতে শিক্ষকের মর্যাদার কথাই প্রতীয়মান হয়েছে। কিন্তু বর্তমান সমাজে শিক্ষকদের সম্মান তো দূরের কথা, তাঁদের যেভাবে লাঞ্ছিত, নিগৃহীত ও আহত করা হচ্ছে, তাতে আমরা উদ্বিগ্ন। নারায়ণগঞ্জে যেভাবে সাংসদ একজন শিক্ষককে প্রকাশ্যে অপদস্থ করলেন, তাতে আমরা ক্ষুব্ধ ও লজ্জিত।
অন্যদিকে নাটোরের কলেজশিক্ষক মিজান হত্যার খবর সবাই জানেন। মিজান শিক্ষকতার পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব ও কর্তব্য হিসেবে বিবেকের টানে ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ান। তিনি নিজের জীবন দিয়ে প্রমাণ করলেন, শিক্ষকেরা সমাজের তথা জাতির বিবেক।
মেধাবীরা যাতে শিক্ষকতা পেশায় আসতে আগ্রহী হয়, সে জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা দিয়ে এই পেশাকে আকর্ষণীয় করে তোলা এখন সময়ের দাবি। কারণ, আগামী দিনে আমরা যদি কোনো কারণে পিছিয়ে পড়ি, তাহলে সেটা শিক্ষার কারণেই হবে। অথচ তা না করে আমরা শিক্ষকদের লাঞ্ছিত করছি। এটা আত্মহত্যার শামিল।
ড. এফ. এম. আলী হায়দার
উদ্ভিদবিজ্ঞান বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়।